শাহজালালে ভর্তির কার্যক্রম কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন নাজিয়া চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. ফারুক উদ্দিন স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল নয়টা থেকে ‘বি’ ইউনিটের গ্রুপ-১-এর মেধাতালিকার ১ থেকে ৪০০ মেধাক্রমের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। বুধবার ‘বি’ ইউনিটের মেধাতালিকায় থাকা অবশিষ্ট এবং কোটায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এ ছাড়া আগামী ৩০ নভেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও বাণিজ্যে বিভাগে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের এবং ১ ডিসেম্বর ওই ইউনিটের মানবিক বিভাগ ও কোটার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য শিক্ষার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট, প্রশংসাপত্র ও ভর্তি ফি বাবদ ছয় হাজার টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ আনতে হবে। এ ছাড়া প্রতিটি মার্কশিট ও সনদের দুই কপি করে সত্যায়িত ফটোকপিও আনতে হবে।
গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সিলেট মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।