প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।
- নুজহাত নওরীন, ৫ম শ্রেণি
রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে বর্ণনামূলক প্রশ্নে যদি ব্যাখ্যা চায় তাহলে কী পয়েন্ট আকারে লেখা যাবে?
উত্তর: প্রশ্নের ধরণ দেখে ও বুঝে পয়েন্ট আকারেও লেখা যায়, আবার অনুচ্ছেদ আকারেও লেখা যায়। নিচে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একটি উদাহরণ দেওয়া হলো:
প্রশ্ন: সব শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া উচিত কেন? পাঁচটি বাক্যে লেখো।
উত্তর: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। ওদের সুশিক্ষার ওপর নির্ভর করছে দেশের সার্বিক উন্নতি। শিশুর সঠিক শিক্ষা সমাজকে কলুষমুক্ত ও দারিদ্র্যমুক্ত রাখতে পারে। শিক্ষার সমান সুযোগ পেলে সমাজের সকল শিশুই জীবনে সফল হতে পারবে। তাই সব শিশুকে শিক্ষার সমান সুযোগ দেওয়া উচিত।
- ঊষ্মিতা মল্লিক, ৮ম শ্রেণি
যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: ইংরেজি paragraph, dialogue-এ শব্দের restriction থাকে; যেমন ১০০, ১২০ শব্দের মধ্যে উত্তর করার জন্য বলা থাকে, এসব ক্ষেত্রে কত শব্দের মধ্যে উত্তর করলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে। কম বা বেশি শব্দ ব্যবহার করলে নম্বর কাটবে কি না?
উত্তর: পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া বিষয়টি নির্ভর করে তুমি কতটা নির্ভুলভাবে লিখতে পারলে তার ওপর; শব্দ গণনা করে নয়। তবে শব্দসংখ্যা ঠিক রাখা ভালো। প্রশ্নের চাহিদা অনুসারে সঠিকভাবে উত্তর লিখতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়।
প্রশ্ন: Seen passage-এর summary কীভাবে লিখতে হবে?
উত্তর: summary লেখার ভাষা সংক্ষিপ্ত, সহজ, সরল ও স্পষ্ট হতে হবে। মূল passage-এর বক্তব্যটি যেন সহজেই বুঝতে পারা যায় সে বিষয়ে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। Complex বা Compound sentence, উদাহরণ, ব্যাখ্যা ইত্যাদি পরিহার করে সরল বাক্যে লিখতে হবে। passage-এ প্র্রদত্ত কোনো বাক্য হুবহু ব্যবহার করা যাবে না। summary লেখার সময় শব্দসংখ্যা প্রশ্নের চাহিদা অনুসারে হওয়া উচিত। নিজের ভাষায় সহজ-সরলভাবে মূল বিষয়টি উপস্থাপন করতে পারলে ভালো নম্বর পাবে।
- মর্জিয়া জাহান মম, ৮ম শ্রেণি
সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রে E-mail writing-এর ক্ষেত্রে নমুনাটি কী রকম করতে হবে? যদি একটি পূর্ণাঙ্গ E-mail writing-এর সঠিক নিয়ম ছাপান, তাহলে উপকৃত হব।
উত্তর: প্রথমে প্রেরকের নাম ও পরে প্রেরকের E-mail address লিখতে হবে। একইভাবে প্রাপকের নাম ও পরে E-mail address লিখতে হবে এবং E-mail পাঠানোর দিন, তারিখ ও সময় উল্লেখ করতে হবে। যেমন:
From: Tamzid< [email protected]>
To: Shapno <[email protected]>
Sent: Sunday, September 20, 2015; 9:32 am.
E-mail-এ formal language (Would it be possible to send me ...?/ I would be grateful if you could send me.../ I would really appreciate your help ইত্যাদি) ব্যবহার করবে। E-mail-এর ক্ষেত্রে যেকোনো একটি format (British/American/ with box or without box) অনুসারে লিখলেই হবে।
- শাইরা হোসেন, আদ্রিতা চৌধুরী, ৮ম শ্রেণি
সৃজন বিদ্যাপীঠ, হাছননগর, সুনামগঞ্জ
প্রশ্ন: ইংরেজি ৪ ও ৮ নম্বর (কম্পোজিশন) প্রশ্নের উত্তরে শিক্ষার্থীর নিজের নাম-ঠিকানা লেখা যাবে কি না জানতে চাই।
উত্তর: প্রশ্নে নাম-ঠিকানা না চাইলে লেখা যাবে না।