শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।

তালহা বিন আহমাদ, ৮ম শ্রেণি
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: ইংরেজিতে ডায়ালগ কমপক্ষে কয়টি বাক্যে লেখা উচিত?
উত্তর: সাধারণত পাঁচ থেকে ছয় জোড়া বাক্যে লেখাই শ্রেয়। তবে মনে রাখবে, নির্ভুল লেখা বেশি নম্বর পেতে সাহায্য করে।
প্রশ্ন: ইংরেজিতে Composition সাধারণত ২৫০ শব্দের কথা বলা থাকে, সর্বোচ্চ কত শব্দের হলেও কোনো অসুবিধা নেই?
উত্তর: প্রশ্নপত্রে উল্লেখ থাকে প্রায় ২৫০টি শব্দের মধ্যে তোমাকে কম্পোজিশন লিখতে হবে। সেখানে ২৬০-এর বেশি লেখা উচিত নয়। সব সময় মনে রাখবে কম্পোজিশনের গুণগত মান ঠিক রেখে ২৫০ শব্দের মধ্যে লিখলেই খুব ভালো নম্বর পাওয়া যায়।
প্রশ্ন: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে Unseen Comprehension/Composition কি আদৌ মেধা যাচাইয়ের জন্য উপযুক্ত?
উত্তর: কম্পোজিশন লেখা কিন্তু সৃজনশীল প্রশ্ন হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীলতাকেই মূল্যায়ন করা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীর গ্রামারের ওপর দক্ষতা মূল্যায়ন করা হয়ে থাকে। Unseen Comprehension পড়ে তার অর্থ উপলব্ধি করে যেহেতু একজন শিক্ষার্থীকে প্রদত্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হয়, তাই এর মাধ্যমে তার জ্ঞান এবং উপলব্ধির দক্ষতার মূল্যায়ন হয়।
প্রশ্ন: ইংরেজিতে rearrange-এর ক্ষেত্রে অর্থের দিক থেকে গল্পটি ঠিক রাখার জন্য দু-এক লাইন আগে-পরে হলেও গল্পের ছন্দপতন হয় না, অথচ গাইডনির্ভর শিক্ষকেরা কেন গাইডের মতো করে সিরিয়াল না হলে কেটে দেন?
উত্তর: তুমি যদি rearrange-এর ক্ষেত্রে একটি অর্থবহ গল্প তৈরি করতে পারো, তাহলে শিক্ষক তা কেটে দিতে পারবেন না।

যারিন আনসুম, ৮ম শ্রেণি
রাজশাহী ক্যান্টনমেন্ট রোড উচ্চবিদ্যালয়
প্রশ্ন: Dialogue-এ যদি বলা থাকে Suppose you are ‘X’, তাহলে সে ক্ষেত্রে কি Myself লেখা যাবে, না প্রশ্নে প্রদত্ত নামটিই দিতে হবে?
উত্তর: প্রশ্নে প্রদত্ত নামটি ব্যবহার করতে হবে।

সিনথিয়া জামান রিহা, অষ্টম শ্রেণি
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা।
প্রশ্ন: আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে অবিচ্ছিন্ন সারণি তৈরি করা বাধ্যতামূলক কি না? না করলে কি সমস্যা হতে পারে?
উত্তর: আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে অবিচ্ছিন্ন সারণি তৈরি করা ভালো। আবার অনেক বইপুস্তকে দেখা যায় আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে অবিচ্ছিন্ন সারণি তৈরি করা হয়নি। তবে জনসংখ্যা বা প্রাপ্ত নম্বর ইত্যাদির ক্ষেত্রে অবিচ্ছিন্ন সারণি তৈরি করতে হবে না।

সিনথিয়া আক্তার, ৮ম শ্রেণি
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা।
প্রশ্ন: আয়তলেখ অঙ্কনের পর গ্রাফ পেপার কীভাবে খাতার সঙ্গে স্ট্যাপলার করতে হবে? আয়তলেখের বর্ণনা আয়তলেখ অঙ্কনের পরে দিতে হবে, নাকি আগে দিতে হবে?
উত্তর: আয়তলেখের জন্য আগে প্রয়োজনীয় সারণি, তারপর আয়তলেখ অঙ্কিত গ্রাফ পেপার খাতার সঙ্গে স্ট্যাপলার করবে, তারপর আয়তলেখ অঙ্কনের বিবরণ খাতায় লিখবে।