প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।
মুন, ৮ম শ্রেণি
তারাগঞ্জ পলিট বালিকা উচ্চবিদ্যালয়, শেরপুর।
প্রশ্ন: গণিতের জ্যামিতির অংশে উপপাদ্য ও সম্পাদ্য একসঙ্গে একই সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকবে কি?
উত্তর: গণিতের জ্যামিতির অংশে উপপাদ্য ও সম্পাদ্য একসঙ্গে একই সৃজনশীল প্রশ্নে থাকতে পারে।
সোহানুর রহমান, ১০ম শ্রেণি
জিরাবো ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, সাভার।
প্রশ্ন: সম্পাদ্য ও উপপাদ্য কীভাবে লিখলে বেশি নম্বর পাব?
উত্তর: সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই প্রশ্নে দেওয়া মাপ ঠিক রাখতে হবে এবং অঙ্কনের চিহ্ন সঠিক ও পরিচ্ছন্ন হতে হবে। অঙ্কনের বিবরণ সঠিক হতে হবে। উপপাদ্যের চিত্র সঠিক ও পরিচ্ছন্ন হতে হবে। চিত্রের পর বিশেষ নির্বচন, অঙ্কন (যদি প্রয়োজন হয়) এবং প্রমাণ যুক্তিসংগত হতে হবে। তাহলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।
শেখ শাফায়াত, ৮ম শ্রেণি
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী।
প্রশ্ন: পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে চাইলে কি নির্দিষ্ট একটি পদ্ধতিতে করতে হবে? অর্থাত্ আমি কি আমার ইচ্ছেমতো বিজগণিতীয়, সমকোণী ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ; যেকোনো পদ্ধতিতে করতে পারব? (যদি পদ্ধতি উল্লেখ করা না থাকে)
উত্তর: যদি পদ্ধতি উল্লেখ করা না থাকে, তবে তুমি যেকোনো যুক্তিসংগত পদ্ধতিতেই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে পারবে।
যারিন আনসুম, ৮ম শ্রেণি
রাজশাহী ক্যান্টনমেন্ট রোড উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: যেকোনো বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নে যদি দুটি বা ততোধিক উত্তর থাকে এবং তার মধ্যে যদি কোনোটি বাদ পড়ে, তাহলে তার জন্য সম্পূর্ণ নম্বরই কাটা যাবে কি?
উত্তর: যেকোনো বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নে যদি দুটি বা ততোধিক উত্তর থাকে এবং তার মধ্যে যদি কোনোটি বাদ পড়ে, তাহলে তার জন্য সম্পূর্ণ নম্বর কাটা যাবে না। প্রশ্নের জানতে চাওয়া শিখনফল অনুযায়ী নম্বর বিভাজিত থাকে। তুমি ওই শিখনফলের যে কয়টির উত্তর দেবে, ঠিক সে অনুযায়ী নম্বর পাবে।
চন্দ্রিমা পোদ্দার, ৮ম শ্রেণি
নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা।
প্রশ্ন: জ্যামিতিতে কি এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় গেলে পুনরায় চিত্র আঁকতে হবে?
উত্তর: জ্যামিতিতে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় গেলে পুনরায় চিত্র আঁকা বাধ্যতামূলক নয়। তবে চিত্র আঁকলে তোমার নিজের উত্তর করতে এবং সম্মানিত পরীক্ষকের খাতা মূল্যায়ন করতে সুবিধা হয়।
প্রশ্ন: অনেকের ধারণা, সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক অংশে ৩ পৃষ্ঠা লিখলে ৩ নম্বর আবার উচ্চতর দক্ষতাভিত্তিক অংশে ৪ পৃষ্ঠা লিখলে ৪ নম্বর পাওয়া যায়। এটা কি ঠিক? যদি ঠিক না হয়, তবে লেখার পরিমাণ কতটুকু হবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক অংশে ৩ পৃষ্ঠা লিখলে ৩ নম্বর আবার উচ্চতর দক্ষতাভিত্তিক অংশে ৪ পৃষ্ঠা লিখলে ৪ নম্বর পাওয়া যায়— এটা ঠিক নয়। প্রশ্নের জানতে চাওয়া শিখনফল অনুযায়ী সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। নম্বরের সঙ্গে পৃষ্ঠার সরাসরি কোনো সম্পর্ক নেই।
প্রশ্ন: অনেক সময় পাঠ্যবইয়ের অবজেকটিভ বিভিন্ন গাইডে বিভিন্ন রকম থাকে। সে ক্ষেত্রে কী করণীয়?
উত্তর: পাঠ্যবইটি আদর্শ হিসেবে নেওয়া একজন শিক্ষার্থীর প্রথম দায়িত্ব। সে ক্ষেত্রে অবজেকটিভ বিভিন্ন গাইডে বিভিন্ন রকম থাকে। তবে পাঠ্যবইয়ের আলোকে নিজের ভাষায় লেখাই ভালো।