শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. আবু সুফিয়ান।
আবু ফয়সাল, পঞ্চম শ্রেণি
নওগাঁ জিলা স্কুল।
প্রশ্ন: ইংরেজি পরীক্ষায় প্রশ্নপত্রে আনসিন প্যাসেজ পড়ে ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর লিখতে বলা হয়ে থাকে। আমি যদি ৯ নম্বর Letterটি অনুচ্ছেদ থেকে না লিখে নিজের মতো বানিয়ে লিখি, তাহলে কি হবে?
উত্তর: প্রশ্নে দেওয়া বিষয়বস্তু ঠিক রেখে ৯ নম্বর প্রশ্নের Letter তোমার নিজের মতো করে লিখতে পারো। এতে কোনো সমস্যা হবে না।
প্রশ্ন: অঙ্কে আমরা জানি যে সৃজনশীল থাকবে। তবে অঙ্ক পরীক্ষায় ৮ নম্বর প্রশ্নেও কি সৃজনশীল থাকবে?
উত্তর: পঞ্চম শ্রেণির জন্য সৃজনশীল নয়, যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যা থাকবে। আর প্রশ্নকাঠামো অনুসারে এই যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যা থাকবে প্রশ্নপত্রের ক্রমিক ৩, ৪ ও ৮ নম্বর প্রশ্ন। অর্থাত্ প্রাথমিক চার নিয়ম, গড় ও পরিমাপ-সম্পর্কিত সমস্যাগুলো। তাহলে দেখা যাচ্ছে ৮ নম্বর প্রশ্নও যোগ্যতাভিত্তিক।
প্রশ্ন: সমাজ, বিজ্ঞান বা ধর্মে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা ওপরে প্রশ্নের নম্বর লিখি। তবে এই নম্বর লেখার সময় ১ নম্বর প্রশ্নের — এই — যে ‘সমাধান’ না ‘উত্তর’ কোন কথাটি লিখব?
উত্তর: প্রতিটি বিষয়ের উত্তরপত্রে মার্জিনের নিচে প্রশ্নক্রমিক লিখে উত্তর লেখা শুরু করতে হয়। সমাধান বা উত্তর আলাদা করে লেখার প্রয়োজন নেই। যেমন:

৩ নং প্রশ্নের উত্তর
(ক)
.......................................................................................................................................................
(খ)
.....................................................................................................................................................
প্রশ্ন: অঙ্কে যদি আমরা অঙ্কের নিয়ম ভুল করি কিন্তু উত্তর সঠিক লিখি, তবে কি কিছু হলেও নম্বর পাব?
উত্তর: নিয়ম ভুল করলে তো উত্তর সঠিক হওয়ার কথা নয়! নিয়ম ভুল হলে পুরো সমাধানই ভুল হবে। আর ভুল সমাধানে কোনো নম্বর প্রদান করা হয় না।
প্রশ্ন: একটি অঙ্কে নানা স্তর থাকে। যদি একটি স্তর ভুল হয়ে যায়, কিন্তু অপরটি সঠিক থাকে, তাহলে কি কিছুটা নম্বর পাব?
উত্তর: যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যাগুলোর বিভিন্ন স্তর থাকে। এ ক্ষেত্রে প্রতিটি স্তরের জন্য আলাদা আলাদা নম্বরও বরাদ্দ থাকে। যে স্তর সঠিক হবে, সে স্তরের জন্যই নম্বর দেওয়া হবে। ভুল স্তরে কোনো নম্বর প্রদান করা হবে না।

শেখ মো. আবির
পঞ্চম শ্রেণি, সূর্যমুখী শিশু বিদ্যালয়, মাগুরা।
প্রশ্ন: ছোট ও বড় প্রশ্নের নম্বর (ক. খ.) মার্জিনের ভেতর না বাইরে লিখতে হবে?
উত্তর: প্রশ্নপত্রের ক্রমিক ও উপক্রমিক নম্বর অবশ্যই মার্জিনের ভেতর থাকতে হবে। (ওপরে আঁকা খাতার নমুনা চিত্রটি দেখে নাও)
প্রশ্ন: বাংলা রচনার সংকেতের বাইরে কোনো সংকেত লেখা যাবে কি?
উত্তর: রচনা লেখার জন্য প্রশ্নে প্রদত্ত সংকেতের বাইরেও যুক্তিসংগত সংকেত লেখা যাবে।
প্রশ্ন: গণিতে জ্যামিতির সংজ্ঞা কি বইয়েরটা অনুসরণ করব?
উত্তর: জ্যামিতির সংজ্ঞা বইয়েরটা অনুসরণ করাই উত্তম।