প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মণ্ডল ও মো. আবু সুফিয়ান।
আফসানা মিম, ৮ম শ্রেণি
মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউট, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলা ২য় পত্র পরীক্ষায় চিঠি দুই পৃষ্ঠায় লেখা যাবে কি?
উত্তর: চিঠি দুই পৃষ্ঠায় লেখা যাবে।
প্রশ্ন: গণিত পরীক্ষায় চিত্র আগে নাকি বিশেষ নির্বচন আগে দিতে হবে?
উত্তর: চিত্র এঁকে বিশেষ নির্বচন লিখবে।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় বহুনির্বাচনি অংশের উত্তরপত্রে টিক চিহ্ন নাকি বৃত্ত ভরাট করতে হবে? সৃজনশীল উত্তরপত্রে জেলপেন ব্যবহার করা যেতে পারে?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর টিক চিহ্নের মাধ্যমে দিতে হবে। জেলপেন ব্যবহার না করে কালো বলপেন ব্যবহার করা উত্তম।
শেখ মো. আবির, ৮ম শ্রেণি, সূর্যমুখী শিশু বিদ্যালয়, মাগুরা।
প্রশ্ন: English Short composition-এ 10 নম্বরের জন্য কত বাক্য লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: প্রশ্নের নির্দেশনা অনুসারে English Short composition লিখতে হবে। প্রশ্নে যদি পাঁচ বাক্য চাওয়া হয়, তাহলে পাঁচ বাক্যেই Short composition লিখতে হবে। বিষয়বস্তু, বিরাম বা যতি চিহ্ন, নির্ভুল বানান ও স্পষ্ট লেখাই তোমাকে পূর্ণ নম্বর প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হবে।
আফরা তাবাসসুম, পঞ্চম শ্রেণি
কাপাসিয়া আইডিয়াল স্কুল, কাপাসিয়া, গাজীপুর।
প্রশ্ন: ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের 4 ও 8 No (Seen ও Unseen-এর প্যারাগ্রাফ) লেখার সময় উত্তর কি a, b, c, d দিয়ে লিখব? নাকি সরাসরি Passage আকারে লিখব?
উত্তর: ইংরেজি বিষয়ের প্রশ্ন ক্রমিক 4 ও 8 হলো শর্ট কম্পোজিশন লেখা। এই শর্ট কম্পোজিশন a, b, c, d দিয়ে নয়, একটা প্যারায় লিখবে।