প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান।
মো. জালিস মাহমুদ নাবিল, অষ্টম শ্রেণি
সেন্ট যোসেফস উচ্চবিদ্যালয়, খুলনা।
প্রশ্ন: বাংলা দ্বিতীয় পত্রে রচনায় কি সংকেত দেওয়া থাকবে এবং এর কোনো একটি বাদ দিয়ে লিখলে কি নম্বর কাটা যাবে?
উত্তর: বাংলা দ্বিতীয় পত্রের রচনায় সাধারণত সংকেত দেওয়া থাকে এবং এর কোনো একটি বাদ দিয়ে লিখলে অবশ্যই নম্বর কাটা যাবে। কারণ, প্রশ্নপত্রে দেওয়া সংকেতের বিপরীতে নম্বর বরাদ্দ থাকে।
মোনেম শাহারিয়া, অষ্টম শ্রেণি
পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, দিনাজপুর।
প্রশ্ন: ইংরেজি প্রথম পত্রে Paragraph অংশে জেএসসি পরীক্ষায় কত শব্দের মধ্যে লিখতে হবে, তা উল্লেখ থাকে। যদি বেশি word লিখি, তাহলে কি নম্বর কাটা যাবে?
উত্তর: জেএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে Paragraph যত শব্দের মধ্যে লিখতে বলা হয়, তত শব্দের মধ্যে লেখাই উত্তম। বেশি Word লেখার কোনো প্রয়োজন নেই।
সামিহা শারমিন পৃথা, অষ্টম শ্রেণি
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন: পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রে যদি রচনাটি আগে লিখি, তাহলে কি নম্বর কাটা হবে?
উত্তর: রচনাটি আগে লিখলে নম্বর কাটা যাবে না, তবে সেটা না করাই ভালো। কারণ, শুরুতে রচনা লিখতে গেলে অন্য প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সময়স্বল্পতা তৈরি হতে পারে।
নওরীন রহমান দিবা, অষ্টম শ্রেণি
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: আমার জানামতে কাজী নজরুল ইসলামের সঠিক মৃত্যুর তারিখ ২৭ আগস্ট। কিন্তু আমাদের পাঠ্যবইয়ে মৃত্যুর তারিখ দেওয়া আছে ২৯ আগস্ট। যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা কী করব?
উত্তর: বাংলা-একাডেমির চরিতাভিধানে কাজী নজরুল ইসলামের জন্মতারিখ দেওয়া আছে ২৯ আগস্ট। পাঠ্যবইয়েও তাই আছে। সুতরাং ২৯ আগস্টই লিখতে হবে।
প্রশ্ন: চারু ও কারুকলা পরীক্ষায় নকশার রং লেপনে সিগনেচার কলম ব্যবহার করতে পারব? নাকি পেনসিল ও সিগনেচার কলম দুটোই ব্যবহার করতে পারব?
উত্তর: রং করার ক্ষেত্রে পোস্টার রং, প্যাস্টেল রং, চায়নিজ ইংক, সাইন পেন ব্যবহার করা যাবে।
প্রশ্ন: যেকোনো বিষয়েই পয়েন্ট আকারে লিখলে বেশি নম্বর পাব, নাকি প্যারা করে লিখলে?
উত্তর: প্রশ্নের উত্তর পয়েন্ট বা প্যারা করে লেখার ওপর বেশি নম্বর পাওয়া নির্ভর করে না। বেশি নম্বর নির্ভর করে প্রশ্নের উত্তর লেখার যথার্থতার ওপর।
প্রশ্ন: পরীক্ষায় কি নীল অথবা যেকোনো রঙের জেলপেন ব্যবহার করতে পারব? যেমন Ans. to the Ques. No. এটা কালো বলপেন ছাড়া অন্য কোনো রঙের জেলপেন ব্যবহার করে লেখা যাবে কি? জানতে চাই।
উত্তর: পরীক্ষার খাতায় জেলপেন ব্যবহার না করাই ভালো। কালো বলপেন ব্যবহার করাই উত্তম।
প্রশ্ন: মহত্ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকোচ খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা।
সঠিক উত্তর কোনটি?
উত্তর: ক. সংকোচ।
মৌসি এশা, অষ্টম শ্রেণি
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর।
প্রশ্ন: বাংলা দ্বিতীয় পত্রে পাঠ্যবইয়ের বাইরে কোনো রচনা পরীক্ষায় থাকবে কি?
উত্তর: সাধারণত পাঠ্যবইয়ের মধ্য থেকেই এসে থাকে। আবার পাঠ্যবইয়ের বাইরে থেকেও আসতে পারে।