শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
প্রাথমিক সমাপনীর বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠানোর ঠিকানা—
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল— [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
মুসাররাত হাসান
মাইজদী কোর্ট, নোয়াখালী
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রচনায় যে হিন্টসগুলো দেওয়া থাকে সেগুলো যেভাবে সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকে সেভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে হবে?
উত্তর: রচনায় যে হিন্টস বা উপশিরোনাম দেওয়া থাকবে সেভাবেই ধারাবাহিকভাবে লেখা উত্তম। তবে প্রদত্ত উপশিরোনাম ছাড়াও তুমি অন্য এক বা একাধিক যৌক্তিক উপশিরোনাম ব্যবহার করতে পারো।

কানিজ ফাতেমা কলি, পঞ্চম শ্রেণি
বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড়।
প্রশ্ন-১: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ইংরেজি ডায়ালগে ৫ নম্বর আছে। কয়টি বাক্য লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: ইংরেজি বিষয়ের ডায়ালগ লেখায় যেহেতু ৫ নম্বর, সুতরাং পূর্ণ নম্বর পেতে হলে প্রশ্নের চাহিদা অনুসারে কমপক্ষে পাঁচজোড়া ডায়ালগ লেখাই উত্তম।
প্রশ্ন-২: ইংরেজি ও বাংলা পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ কেমন হতে পারে?
উত্তর: ইংরেজি ও বাংলা বিষয়ের পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ/কবিতাংশ/ডায়ালগ/পিকচার/ডায়াগ্রাম ইত্যাদি সাধারণত আশেপাশের পরিবেশের জীবনঘনিষ্ঠ ও পরিচিত বিষয়ভিত্তিকই হয়ে থাকে। এই সম্পর্কিত নমুনা পড়াশোনা পাতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধারাবাহিকভাবে ছাপা হয়েছে।
প্রশ্ন-৩: প্রাথমিক বিজ্ঞানে শূন্যস্থান যোগ্যতাভিত্তিক নয়, তাহলে তা বইয়ের ভেতর থেকে আসবে কি?
উত্তর: প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের শূন্যস্থান পূরণ সংক্রান্ত প্রশ্নের শূন্যস্থানগুলো সাধারণত পাঠ্য বইয়ের অনুশীলনীর ভেতর থেকেই এসে থাকে।

মুহাম্মদ শাবাব শরীফ, পঞ্চম শ্রেণি
খুলনা পাবলিক কলেজ, বয়রা, খুলনা
প্রশ্ন: শূন্যস্থান পূরণের ক্ষেত্রে সম্পূর্ণ নম্বর পেতে চাইলে কীভাবে লিখতে হবে?
উত্তর: প্রশ্নের ধরন ও চাহিদা অনুসারে যথার্থ ও নির্ভুল বানানে শূন্যস্থান পূরণ করতে পারলে বা শূন্যস্থানের জন্য প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ লিখতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়।

জিয়াউশ শামস, পঞ্চম শ্রেণি
ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, বাংলা, এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়গুলোর ৪ নং প্রশ্নের উত্তর কি ৫টি পয়েন্ট করে লিখতে হবে, না ব্যাখ্যা করে লিখতে হবে? উত্তর জানালে উপকৃত হব।
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৪ নং প্রশ্নটি থাকে কাঠামোবদ্ধ। এই কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর প্রশ্নের ধরন অনুসারে পয়েন্ট আকারেও লেখা যায় আবার অনুচ্ছেদ আকারেও লেখা যায়।