প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
প্রাথমিক সমাপনীর বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও
ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
অপূর্ব, পঞ্চম শ্রেণি
শহীদ হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ।
প্রশ্ন: কোনো কারণে অঙ্ক করার পর আরেকটি পৃষ্ঠায় ওই অঙ্কের পরের অংশ করা হয় তাহলে কি কোনো সমস্যা হবে?
উত্তর: ৫ম শ্রেণির গাণিতিক সমস্যার সমাধান সম্ভব হলে এক পৃষ্ঠায় শেষ করাই উত্তম। কোনো কারণে যদি দুই পৃষ্ঠায় যেতে হয় তাহলে সমাধানের কমপক্ষে দুই বা তিন লাইনের কোনো অংশ পরের পৃষ্ঠায় করা যেতে পারে। তবে শুধুমাত্র একটা লাইনের জন্য যেন অপর পৃষ্ঠায় যেতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সামিরা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা বিষয়ে ৪ নম্বর প্রশ্নের পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ থেকে ৫ নম্বরের তিনটি প্রশ্ন থাকে। সেখানে একটি প্রশ্নে বলা থাকে যেমন উদাহরণস্বরূপ, যোগাযোগের ক্ষেত্রে টেলিভিশনের ভূমিকা কী? পাঁচটি বাক্যে লেখো। এখন প্রশ্ন হলো উত্তরটি কি ৫টি বাক্যেই লিখব, নাকি ৫টি পয়েন্ট দিয়ে লিখব?
উত্তর: প্রশ্নের চাহিদা ও ধরন বুঝে পয়েন্ট আকারেও লেখা যায় আবার অনুচ্ছেদ আকারেও লেখা যায়। যেমন: পাঁচটি বাক্যে উত্তর চাইলে ১, ২, ৩, ৪, ৫ নম্বর দিয়ে লিখতে পার অথবা পাশাপাশি পাঁচটি লাইন বা অনুচ্ছেদ করেও লিখতে পারো।
মো. নাসিফ উদ্দীন (সৌম্য)
পঞ্চম শ্রেণি
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী।
প্রশ্ন-১: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান ও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৪ নম্বর প্রশ্নে (বড় প্রশ্ন) পাঁচটি বাক্যে উল্লেখ করার কথা বলা না থাকলে, সেই ক্ষেত্রে কি উত্তর পাঁচটি বাক্যে লিখলেই চলবে, নাকি পাঁচটি বাক্যের বেশি লিখতে হবে?
উত্তর: পাঁচটি বাক্যে উত্তর লিখতে বলা হলে পাঁচটি বাক্যেই উত্তর লিখবে। এর কমও নয়, বেশিও নয়।
প্রশ্ন-২: বাংলা বিষয়ে ৯ নম্বর প্রশ্নের (অনুচ্ছেদ/কবিতাংশের মূলভাব) উত্তর কত বাক্যে লিখলে আমরা ৫ নম্বর পাব?
উত্তর: মূলভাব সাধারণত প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশের তিন ভাগের একভাগই হয়ে থাকে। তবে সেই হিসেব যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে চার থেকে পাঁচ বাক্যে লিখতে পারো।
নওরীন ইসলাম নিশাত, পঞ্চম শ্রেণি
ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা।
প্রশ্ন: বাংলায় মূলভাব বা সারাংশ লিখনে ভূমিকা দিতে হবে কী?
উত্তর: মূলভাব লেখার ক্ষেত্রে ভূমিকা লেখার কোন প্রয়োজন নেই।
তন্ময় কুমার
পঞ্চম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল, রংপুর
প্রশ্ন: ইংরেজি বা বাংলায় পত্র কোন স্টাইলে লিখব। বর্তমান নিয়মে তো সবকিছু বাঁ থেকে শুরু করতে হয় যেমন পত্র প্রেরণের তারিখ ইতি প্রভৃতি জানালে উপকৃত হব।
উত্তর: ইংরেজি বা বাংলা বিষয়ের পত্র লেখার জন্য প্রচলিত দুটি নিয়মের যেকোনো একটি নিয়ম তুমি অনুসরণ করতে পারো। তবে দুই নিয়মের মিশ্রণ যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।