প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
প্রাথমিক সমাপনীর বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও
ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
তন্ময় কুমার
পঞ্চম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল, রংপুর
প্রশ্ন: ইংরেজি বা বাংলায় পত্র কোন স্টাইলে লিখব? বর্তমান নিয়মে তো সবকিছু বাঁ থেকে শুরু করতে হয়। যেমন পত্র প্রেরণের তারিখ, ইতি প্রভৃতি জানালে উপকৃত হব।
উত্তর: ইংরেজি বা বাংলা বিষয়ের লেটার বা পত্র লেখার জন্য প্রচলিত দুটি নিয়মের যেকোনো একটি নিয়ম তুমি অনুসরণ করতে পারো। তবে দুই নিয়মের মিশ্রণ যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
যুতি, ঢাকা
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ঢাকা বোর্ড আর সিলেট বোর্ডের প্রশ্ন কি এক হয়?
উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য আলাদা কোনো বোর্ড নেই। সারাদেশে একই সময়, এক ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
জনি দাশ, ৫ম শ্রেণি
সালামত আলী খান সরকারি প্রাথমিক
বিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: গণিত বিষয়ের যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যা ছাপালে অনুশীলন করতে সুবিধা হবে।
উত্তর: গড় সম্পর্কিত নমুনা গাণিতিক সমস্যা গত ৬ থেকে ১০ সেপ্টেম্বর এবং চার নিয়ম সম্পর্কিত যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যা গত ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পড়াশোনা পাতায় ছাপা হয়েছে।
ফাহমিদা আহমেদ, পঞ্চম শ্রেণি
স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল, ফেনী।
প্রশ্ন: অঙ্কের রাফটা কি পাশেই করতে হবে? আমি কি অন্য পৃষ্ঠায় লিখতে পারব?
উত্তর: গাণিতিক সমস্যার সমাধানের সময় রাফ বাম পাশের পৃষ্ঠায় করে ডান পাশের পৃষ্ঠায় সমাধান করতে পারলে ভালো। তবে সমস্যার সমাধানের পাশে (বক্স করে) রাফ করাই উত্তম।
অভিষেক, পঞ্চম শ্রেণি
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা।
প্রশ্ন: পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়ে কোন কোন প্রশ্নের উত্তরে নীল কালির কলম ব্যবহার করা ঠিক হবে? বাংলা রচনার মধ্যে কি নীল কালির কলম ব্যবহার করা যাবে?
উত্তর: যে কালির কলম দিয়ে তুমি পরীক্ষা দেবে (নীল বা কালো), সেই কালির কলম সব ক্ষেত্রে ব্যবহার করাই উত্তম। কারণ, ভিন্ন কালির কলম ব্যবহারের জন্য তোমাকে বেশি নম্বর দেওয়া হবে না। এতে তোমার সময় অপচয় হবে।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ধর্ম বিষয়ের শূন্যস্থানের প্রযোজ্য শব্দটি উত্তরপত্রে লেখার পর তার নিচে দাগ দিতে হবে?
উত্তর: প্রশ্নের নির্দেশনা যদি থাকে শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো, তাহলে ক্রমনম্বর দিয়ে সঠিক বানানে প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লিখতে পারলে পূর্ণ নম্বর পাবে।