শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। উত্তর দিয়েছেন দীদার চেৌধুরী।
 তাশদিয়া তরফদার, নজরুল মডেল সরকারি বিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন: প্রাথমিক বিজ্ঞান বিষয়ের শূন্যস্থানের পুরো বাক্যটি কি উত্তরপত্রে লিখতে হবে?
উত্তর: প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শূন্যস্থান পূরণ সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রশ্নে প্রদত্ত নির্দেশনা অনুসারেই লেখা উত্তম। প্রশ্নে যদি থাকে শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: তাহলে শূন্যস্থানে যে শব্দ বা শব্দসমূহ প্রযোজ্য, উত্তরপত্রে শুধু সেই শব্দ বা শব্দসমূহ লিখবে। আর যদি বলা হয় উপযুক্ত শব্দ বা শব্দসমূহ বসিয়ে শূন্যস্থান পূরণ করো বা শূন্যস্থান পূরণ করো-তাহলে পুরো বাক্যটি উত্তরপত্রে লিখতে হবে।
সাদিয়া তাসনিম, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: প্রাথমিক বিজ্ঞানে যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরে সাধারণত ৫টি পয়েন্ট দিতে বলা হয়ে থাকে, সেসব প্রশ্নে ভূমিকা দিতে হবে?
উত্তর: যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরে কোনো ভূমিকা দিতে হবে না। প্রশ্নের ধরন বা চাহিদা অনুসারে পয়েন্ট আকারে অথবা অনুচ্ছেদ আকারে লিখতে পারো।
 মুনতাহা তাবাসসুম, শহীদ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।
প্রশ্ন: কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর কত বড় হবে? পয়েন্ট দিয়েই কী লিখতে হবে?
উত্তর: কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর নির্দেশনা অনুসারে দিতে হয়। যদি ৫টি বাক্যে লিখতে বলা হয়, তবে ৫টি বাক্যেই উত্তর দিতে হবে। সেটা পয়েন্ট আকারে হতে পারে অথবা অনুচ্ছেদ আকারেও হতে পারে।
 ফারিজা আফশিন রাসনা
মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
প্রশ্ন: প্রাথমিক বিজ্ঞানে যে বহুনির্বাচনি থাকবে, সেই ৪০টির মধ্যে কয়টি যোগ্যতাভিত্তিক হবে?
উত্তর: প্রাথমিক বিজ্ঞানে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে মোট ৪০টি। তার মধ্যে ২০টি হবে যোগ্যতাভিত্তিক।