ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক দরকারি চিঠি
প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চেৌধুরী।
মুসফিকা জামান মারিয়া, নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
প্রশ্ন: ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শূন্যস্থান পূরণে সম্পূর্ণ প্রশ্ন উত্তরপত্রে উঠিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে? না শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লিখলেই চলবে?
উত্তর: ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণসংক্রান্ত প্রশ্ন। প্রশ্নের নির্দেশনা ভালোভাবে পড়ে, দেখে উত্তর লেখাই উত্তম।
সৈয়দা ফিরোজা বেগম জাহান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে আরবি বর্ণমালায় বাণী বা উক্তি দিতে হবে?
উত্তর: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে আরবি বর্ণমালায় বাণী বা উক্তি দেওয়া ভালো। তবে বাধ্যতামূলক নয়। উক্তি বা বাণীর বাংলা অর্থ লিখলেই তোমার উত্তর যথাযথ বলে ধরে নেওয়া হয়।
মুনতাহা তাবাসসুম, শহীদ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।
প্রশ্ন: কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর কত বড় হবে? পয়েন্ট দিয়েই কী লিখতে হবে?
উত্তর: কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর নির্দেশনা অনুসারে দিতে হয়। যদি ৫টি বাক্যে লিখতে বলা হয়, তবে ৫টি বাক্যেই উত্তর দিতে হবে। সেটা পয়েন্ট আকারে হতে পারে অথবা অনুচ্ছেদ আকারেও হতে পারে।
আরিকা আহামেদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা।
প্রশ্ন: দীন ইসলামের সেতু কী?
উত্তর: জাকাত হলো ইসলামের ধনী-গরিবের মধ্যে সেতুবন্ধ। (পাঠ্যবই, পৃষ্ঠা নম্বর ৪৪) এবং সালাত দীন ইসলামের খুঁটি। (পাঠ্যবই, পৃষ্ঠা নম্বর ২৫)