শিক্ষকের সঙ্গে সম্পর্ক যেমন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা লাজুক প্রকৃতির শিক্ষার্থী সোনিয়া বরাবরই নিজেকে একটু আড়াল করে রাখতে পছন্দ করে। শিক্ষা প্রতিষ্ঠানে ওর বন্ধু নেই বললেই চলে। ক্লাসেও বসে সবার পেছনে। পাঠ্যপুস্তকের অনেক দুরূহ বিষয় সম্পর্কে ক্লাস শিক্ষককে জিজ্ঞেস করবে বলে ভেবেছে। কিন্তু শিক্ষকের মুখের দিকে তাকালেই রাজ্যের জড়তা ঘিরে ধরে তাকে। শিক্ষক রুমে গিয়ে আলাদাভাবে এসব প্রশ্ন জিজ্ঞেস করবে, সে সাহসও নেই তার।শিক্ষকের সঙ্গে খোলামেলা কথা বলে প্রয়োজনীয় প্রশ্নটির উত্তর জেনে নেওয়ার ক্ষেত্রে এই যে দ্বিধা—এটা শুধু সোনিয়ার একার নয়। সোনিয়ার মতো এমনি হাজারো ছেলেমেয়ে শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে এমনতরো সংকোচে ভোগে। তোমাদের সবার স্বার্থেই এ অবস্থার পরিবর্তন দরকার।মনে পড়ে, স্কুলবেলায় শিক্ষকের প্রতি একধরনের শ্রদ্ধামিশ্রিত ভয় জাগত আমাদের মনে। এ ক্ষেত্রে মূল্যবোধের একটা ভূমিকা যে ছিল, এ কথা মানতেই হবে। আজ অবশ্য বেশির ভাগ ক্ষেত্রেই মূল্যবোধ কমে গেছে—সে কথা সত্য। যাই হোক, ভয়ের সীমারেখা ডিঙিয়েও আমরা শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে গিয়ে দরকারি বিষয়গুলো জেনে নিতাম। তাঁরাও হাসিমুখে আমাদের সব প্রশ্নের জবাব দিতেন।শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত পারস্পরিক সম্পর্ক হতে হবে সর্বোচ্চ মাত্রায় সৃজনশীল-গঠনমূলক। আর এ জন্য উভয় দিক থেকেই মেনে চলতে হবে কিছু বিধিবদ্ধ নিয়ম, শিষ্টাচার—সর্বোপরি আন্তরিকতা। আমরা এখানে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েই আলোচনা করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের তিনটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে।প্রথমত, শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে। শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা লাভের জন্যই এটা প্রয়োজন। শিক্ষকের পরামর্শ-নির্দেশনা অনেক সময় কঠিন মনে হলেও এর অপরিহার্যতা বিবেচনা করতে হবে।দ্বিতীয়ত, শিক্ষকের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। শিক্ষার্থীর প্রতি শিক্ষকের আন্তরিকতা, পরামর্শ ও নির্দেশনাকে বিশ্বাসের সঙ্গে গুরুত্ব দিতে হবে।তৃতীয়ত, শিক্ষকের পরামর্শ ও নির্দেশনাগুলোকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে শিক্ষার্থীদের। চিকিত্সকের ব্যবস্থাপত্র যেমন রোগ নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষার্থীর প্রতি শিক্ষকের পরামর্শও তার ব্যক্তিগত উন্নয়নের জন্য অপরিহার্য। উল্লিখিত বিষয়গুলো মেনে চলতে হলে শিক্ষার্থীদের অবশ্যই চিরন্তন মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।শিক্ষক যখন ক্লাসে: ক্লাসের একটা সাধারণ নিয়ম এই যে, শিক্ষক প্রথমে বিষয়ভিত্তিক আলোচনা সেরে নেন। তার উপস্থাপনা ও বোর্ডে লেখালেখি থেকে শিক্ষার্থীরা আলোচ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তবে অনেকের পক্ষেই সমানভাবে ক্লাস অনুসরণ করা সম্ভব হয় না। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীর দূরত্ব, ক্লাসের গোলমাল, ভাষার অস্পষ্টতা, শিক্ষার্থীর বোধশক্তির সীমাবদ্ধতা ইত্যাদি কারণে এমনটা ঘটে। এমন অবস্থায় আগ্রহী শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নের মুখোমুখি হন শিক্ষক। আবার কোনো কোনো শিক্ষক তাঁর স্বভাবসুলভ উদারতায় নিজেই শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করে থাকেন। এ ধরনের পরিস্থিতিকে সুযোগ মনে করে শিক্ষককে প্রশ্ন করো এবং দুর্বোধ্য বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে নাও; কোনো দ্বিধা কোরো না। শিক্ষক রুম: বা শিক্ষকদের বিশ্রামকক্ষে শিক্ষার্থীদের আনাগোনা সীমিত থাকাই বাঞ্ছনীয়। কোনো কোনো শিক্ষক একাধারে দুই-তিনটি ক্লাস নেওয়ার পর একটু জিরিয়ে নেন। একটু দম নিচ্ছেন। এ সময় আবার শিক্ষার্থীদের বিবিধ প্রশ্নের জবাব দেওয়ার ব্যাপারটা শিক্ষকের কাছে তেমন প্রীতিকর নাও মনে হতে পারে। তবে শিক্ষক যদি উদার হন, তাহলে তিনি শিক্ষার্থীর সমস্যাটির সমাধান করে দেবেন। তবে শিক্ষক রুমে পারতপক্ষে কোনো প্রশ্ন নিয়ে না যাওয়াই ভালো। অনন্যোপায় হলে যাবে সেখানে, তবে খুব বড় বা অনেক বেশি প্রশ্ন নিয়ে নয়, প্রশ্ন যেন সংক্ষিপ্ত হয়, সেদিকে খেয়াল রেখো।তাঁরাও শিক্ষার্থী ছিলেন: মনে রেখো, তোমাদের আজকের শিক্ষকেরাও একসময় শিক্ষার্থী ছিলেন। ওই সময় তাঁরাও তোমাদের মতো বিবিধ সমস্যার মুখোমুখি হতেন। এমনিভাবে তাঁরাও শিক্ষকদের কাছ থেকে জেনে নিতেন বিভিন্ন প্রশ্নের উত্তর। শিক্ষকেরা তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। তাঁদের কাছে সংকোচ করার কিছু নেই। কাজেই অসংকোচে তোমার সমস্যার কথা তাঁকে বলো। তিনি অবশ্যই তোমার সমস্যার সমাধান করে দিতে যত্নবান হবেন। প্রশ্ন করার সময় তোমার কথা বা কাজে শিক্ষক যেন একটুও মনোক্ষুণ্ন না হন, সেদিকে খেয়াল রেখো। একত্রে একগুচ্ছ প্রশ্নের জবাব জানতে চেয়ো না তাঁর কাছে। ছোট ও সংক্ষিপ্ত প্রশ্নের জবাব স্বল্প সময়ে জেনে নাও। প্রয়োজনে আরেক দিন যাও তাঁর কাছে।মুখ অথবা মুখোশ: সব সময়ই শিক্ষকেরা শিক্ষার্থীবান্ধব ও উদার। কিন্তু কোনো কোনো শিক্ষকের রাশভারী চেহারা, নিজেকে একটু আলাদা কিংবা দূরে রাখার মানসিকতা তাঁদের শিক্ষার্থীদের কাছ থেকে আপাত-বিচ্ছিন্ন করে রাখতে পারে। শিক্ষকের এই মুখোশকে মুখ ভেবে অনেক শিক্ষার্থীই তাঁর মুখোমুখি হওয়ার ব্যাপারে মুখিয়ে থাকলেও দ্বিধার কারণে মুখ লুকাতে বাধ্য হয়। কিন্তু এ কাজটা ঠিক নয়। অনেক শিক্ষকেরই কৃত্রিম গাম্ভীর্যপূর্ণ চেহারার আড়ালে রয়েছে সাগরের মতো উদার এক মন। সাগর যেমন জানে না তার বুকে কত ঢেউ, তেমনি একজন প্রকৃত শিক্ষক তাঁর অধীত জ্ঞানের বিশলতার কোনো হিসাব রাখেন না। শিক্ষার্থীর সর্বাঙ্গীণ মঙ্গলই তাঁর একমাত্র লক্ষ্য। শিক্ষাজীবনের প্রতিটি বাঁকে আমরা যাদের সঙ্গে বেশি সময় অতিবাহিত করি, তেমনি একজন হচ্ছেন শিক্ষক। অতএব শিক্ষার্থীরা নির্দ্বিধায় তাঁর কাছে যাও, জটিল ও দুরূহ বিষয়গুলো সম্পর্কে তাঁর কাছ থেকে জেনে নাও। এভাবে গড়ে তুলবে তোমার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিভূমি।