শিক্ষার্থীদের ঘাটতি পূরণে আছে সুনির্দিষ্ট পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান বন্ধ থাকেনি। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছি।’ তিনি বলেন, ‘যখন আমরা দেখলাম একটাসংখ্যক শিক্ষার্থীর টেলিভিশন ও অনলাইন ব্যবহারের সুযোগ ছিল না বলে তারা এর থেকে বঞ্চিত হচ্ছিল, তখন আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আমরা সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘খুব স্বাভাবিকভাবে আমরা ষোলো আনা শ্রেণিকক্ষে পাঠদানের বিকল্প করতে পারিনি। কোথাও কোথাও তো কিছু ঘাটতি রয়েছেই। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে সেই ঘাটতি পূরণের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পণা রয়েছে। এ জন্য আমরা ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছি।’
পরে শিক্ষামন্ত্রী বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন।