সারা দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যেই কাকভেজা হয়ে উচ্চমাধ্যমিকের ফলাফল নিতে এসেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ফল নিয়ে অনেকের চোখের জলে বৃষ্টির জলে একাকার হয়েছে। এঁদের কেউ কেউ জিপিএ-৫ পাননি, কেউ বা হয়েছেন অকৃতকার্য। সারা দেশে ফলাফলে শিক্ষার্থীদের এমন সাফল্যের দিনে এ চিত্র সত্যিই বেমানান।
এ চিত্রটি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের। গতকাল বুধবার প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফলে ভালো করতে পারেননি কলেজের শিক্ষার্থীরা। বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ষষ্ঠ হয়েছে এই কলেজটি। গতবারের চেয়ে এবার দুই ধাপ পিছিয়েছে। একই সঙ্গে কমেছে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যাও। এ নিয়ে অভিভাবকেরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, এ বছর ভিক্টোরিয়া কলেজ থেকে এক হাজার ৫৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩০৯ জন কৃতকার্য হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ২৯০ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৮০ জন। বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ কলেজের অবস্থান ষষ্ঠ। এবার বিজ্ঞান বিভাগে ৫০৭ জন পরীক্ষা দিয়ে ৫০১ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৭৭ জন। মানবিক বিভাগে ৬৪০ জনের মধ্যে ৩৭১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৫২ জনের মধ্যে ৪৩৭ জন পাস করেছেন। ৯৩ জন পেয়েছেন জিপিএ-৫।
২০১৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এক হাজার ৩৪৭ জন পরীক্ষা দিয়ে এক হাজার ২৩২ জন পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ৪৫১ জন। শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে হয়েছিল চতুর্থ।
নাম প্রকাশ না করে একাধিক অভিভাবক বলেন, অনিয়মিত পাঠদান ও শিক্ষা ব্যবস্থাপনায় ত্রুটি থাকার কারণে মেধাবী শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হয়েও কাঙ্ক্ষিত ফল করতে পারেননি। কলেজ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই ফল বিপর্যয় হয়েছে।
তবে কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান দাবি করেন, প্রাইভেট পরীক্ষার্থী বেশি থাকার কারণে কলেজের ফল বিপর্যয় হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই ভালো করেছে। প্রাইভেট পরীক্ষার্থী না থাকলে এ কলেজের পাসের হার আরও বাড়ত।