শিক্ষার্থীদের প্রশ্ন
শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও রতন কান্তি মণ্ডল
সাদিয়া আফরিন, অষ্টম শ্রেণি
দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
প্রশ্ন: ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফ সর্বোচ্চ কত পৃষ্ঠা লিখব?
উত্তর: ইংরেজি প্রথম পত্রের প্যারাগ্রাফে নম্বর থাকবে ১০। প্যারাগ্রাফটি কমপক্ষে পাঁচ লাইন থেকে শুরু করে তোমার সুবিধাসংখ্যক লাইনের মধ্যে লিখবে।
প্রশ্ন: পরীক্ষায় ৫৭০ এফএক্স ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি?
উত্তর: পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (এফএক্স ১০০ পর্যন্ত) ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে।
হূদয় আহমেদ, অষ্টম শ্রেণি
ভাঙ্গা মডেল পাইলট উচ্চবিদ্যালয়, ফরিদপুর
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় গ্রেড পয়েন্ট কীভাবে দেওয়া হয়?
উত্তর: জেএসসি পরীক্ষায় গ্রেড পয়েন্টের ছক পড়াশোনা পাতায় ছাপা হবে, লক্ষ রাখো।
রাধিকা ডালু, অষ্টম শ্রেণি
সেন্ট মেরিস নিম্নমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ
প্রশ্ন: গণিতে বহুনির্বাচনি প্রশ্নের সময় রাফ করার জন্য কোনো আলাদা পৃষ্ঠা দেওয়া হবে কি?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্নের রাফ করার জন্য আলাদা কোনো পৃষ্ঠা দেওয়া হয় না। খাতার শেষ পৃষ্ঠায় রাফ করবে, পরে তা কেটে দেবে।
সাবরিনা ইসলাম নিপা, পঞ্চম শ্রেণি
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
প্রশ্ন: পরীক্ষায় খাতায় কি শুধু বাঁ দিকে ও ওপরে মার্জিন দেব, নাকি চারদিকে মার্জিন দেব?
উত্তর: পরীক্ষার খাতার শুধু বাঁ দিকে ও ওপরে মার্জিন দেবে।
সুবীর হাওলাদার, পঞ্চম শ্রেণি
পিরোজপুর বিদ্যালয়, পিরোজপুর
প্রশ্ন: যোগ্যতাভিত্তিক প্রশ্নের ক, খ, গ ও ঘ সমাধানে কি উত্তর লিখতে হবে?
উত্তর: যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধানই উত্তর হিসেবে গণ্য হয়ে থাকে। আলাদা উত্তর না লিখলেও হবে।
ইহতামাজ বারী, পঞ্চম শ্রেণি
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রশ্ন: বাংলায় সমার্থক শব্দ কয়টি করে লিখতে হবে?
উত্তর: সমার্থক শব্দ একটি করে লিখলেই হবে।