শিক্ষার্থীদের প্রশ্ন শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
বাংলা পরীক্ষা বিষয়ক দরকারি চিঠি
 সামিয়া সারওয়ার, পঞ্চম শ্রেণি
শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৪ নং প্রশ্নের যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তরে কী ভূমিকা ও উপসংহার দিতে হবে? দিলে কী পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: প্রতিটি বিষয়েরই কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কোনো ভূমিকা, উপসংহার লেখার প্রয়োজন নেই। প্রশ্নের নির্দেশনা অনুসারে উত্তর লিখবে।

 মাহির তাজওয়ার, পঞ্চম শ্রেণি
প্রগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলা ১৪ নং প্রশ্নে থাকা কবিতার লাইনগুলো কি বইয়ের মতো সাজিয়ে লিখতে হবে? নাকি লাইনগুলো সোজাসুজিভাবে লিখব?
উত্তর: বাংলা বিষয়ের ১৪ নং প্রশ্নের ‘ক’ অংশটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখার জন্য। কবিতার চরণ সাজিয়ে লেখার ক্ষেত্রে পাঠ্যবইয়ে কবিতাটি যেমনভাবে লেখা আছে ঠিক সেভাবেই সাজিয়ে লিখবে।

 রিফাত আহমেদ সোহান, পঞ্চম শ্রেণি
সানিডেল কিন্ডারগার্টেন, টাঙ্গাইল।
প্রশ্ন-১: বাংলা ৮ নম্বর প্রশ্নে শব্দার্থ থাকবে। এই শব্দার্থ কী পাঠ্যবইয়ের অনুশীলনী থেকে আসবে?
উত্তর: প্রশ্নে প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশ থেকেই সাধারণত শব্দার্থ এসে থাকে।
প্রশ্ন-২: বাংলা ৯ নম্বর প্রশ্নের মূলভাব পাঁচটি বাক্যে লিখলে কী পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: মূলভাব সর্বাধিক পাঁচ বাক্যে লেখাই উত্তম।

 তাসনিয়া সিদ্দিকা অহনা, পঞ্চম শ্রেণি
নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা।
প্রশ্ন: বাংলা ফরম পূরণে অভিভাবক বা পরিচালক, পরিদর্শক প্রমুখের স্বাক্ষর দেওয়া থাকলে আমাদের কী স্বাক্ষরটি দেওয়া উচিত নাকি খালি রাখা উচিত?
উত্তর: বাংলা বিষয়ের প্রশ্নের নির্দেশনা অনুসারে ফরম পূরণ করবে। প্রশ্নপত্রের নির্দেশনাটি খুব ভালো করে দেখবে।

 তাহসান খান জিনান, পঞ্চম শ্রেণি
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষায় কাঠামোবদ্ধ (৪ নং প্রশ্ন) প্রশ্নের উত্তর কত লাইন লিখতে হবে?
উত্তর: প্রতিটি কাঠামোবদ্ধ প্রশ্নে নম্বর থাকবে ৫ করে। তাই প্রশ্নের নির্দেশনা অনুসারে যত লাইন চাইবে, তত লাইনই লিখতে হবে।

 ফারিহা কবির চৌধুরী
পঞ্চম শ্রেণি, মিরপুর, ঢাকা।
আমি ভিকারুননিসা নূন স্কুলের একজন ছাত্রী। আমার কিছু প্রশ্ন আছে। এগুলো হলো:
প্রশ্ন: বাংলা পত্রলিখনে তারিখ, ঠিকানা ও ইতি খাতার কোন পাশে লিখতে হবে?
উত্তর: বাংলা পত্রলিখনে তারিখ ঠিকানা যদি বাঁ পাশে লেখো, তাহলে ইতি ও তোমার নাম-স্বাক্ষর একই মার্জিনে বাঁ পাশে লিখবে। অথবা প্রচলিত নিয়ম অনুসারেও লিখতে পারো।

 মেহবুব হোসেন, পঞ্চম শ্রেণি
হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলা বিষয়ে সাধু ভাষাকে চলিত ভাষায় রূপান্তরের ক্ষেত্রে আমরা শুধু উত্তরটি লিখব না সম্পূর্ণ বাক্য রূপে লিখব?
উত্তর: প্রশ্নের নির্দেশনা অনুসারেই উত্তর লিখবে।