শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
গণিত বিষয়ের দরকারি তথ্য
নওরীন তাসনীম, মগবাজার গার্লস হাইস্কুল, ঢাকা।
প্রশ্ন: গণিত প্রশ্নের ৩ নম্বর ও ৫ নম্বর এ শুধু যোগ্যতাভিত্তিক প্রশ্নই আসবে?
উত্তর: প্রশ্নপত্রের কাঠামো অনুসারে গণিত বিষয়ের ১, ২, ৩, ৫ এবং ১৩ নং প্রশ্ন অবশ্যই দিতে হবে। এর মধ্যে যোগ্যতাভিত্তিক প্রশ্ন হলো ১ নং প্রশ্নের ১০টি বহুনির্বাচনি, ২ নং প্রশ্নের ১০টির মধ্যে ৫টি এবং ৩ নং ও ৫ নং প্রশ্ন। সুতরাং সহজেই বুঝে নিতে পারো ৩ নং ও ৫ নং প্রশ্ন যোগ্যতাভিত্তিক।
জাহাঙ্গীর আলম, ঢাকা
প্রশ্ন: প্রাথমিক গণিতের চূড়ান্ত মডেল টেস্ট ছাপা হয়েছে কি?
উত্তর: ১৮ নভেম্বরের পড়াশোনা পাতায় ছাপা হয়েছে।
নাফিসা বিনতে বাশার
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।
প্রশ্ন: আমাদের গণিত বইয়ে অনুশীলনী ৯ অধ্যায় (শতকরা) প্রশ্ন ১৭ থেকে ২৫ নং এই অঙ্কগুলো কি সূত্রের মাধ্যমে করা যাবে? যদি সূত্রের মাধ্যমে করি, পূর্ণ নম্বর পাব কি?
উত্তর: গণিত বইয়ের অনুশীলনী ৯ এর শতকরার ১৭ নং থেকে ২৫ নং গাণিতিক সমস্যা সূত্রের মাধ্যমেও করা যাবে। এবং পূর্ণ নম্বরই পাবে।
তাহসান খান জিনান, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: অঙ্কের রাফ কি অঙ্কের পাশে নাকি নির্দিষ্ট কোনো পৃষ্ঠায় করতে হবে?
উত্তর: খাতার পৃষ্ঠার বাঁ পাশে রাফ করে ডান পাশে সমাধান করতে পারো। সমাধানের পাশেও বক্স করে রাফ করা যায়। কিন্তু প্রশ্নপত্রে, হাতের তালুতে, বেঞ্চের উপর কিংবা আলাদা কোনো কাগজে রাফ করা যাবে না। তবে প্রবেশপত্রের নির্দেশনা অনুসারে রাফ করাই উত্তম।
প্রশ্ন: পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
উত্তর: এই সম্পর্কিত নিয়মাবলি তোমার প্রবেশপত্রের উল্টো পিঠে লেখা আছে। প্রবেশপত্রের লেখা নিয়মাবলি ভালো করে পড়ে নেবে।
ফারিহা কবির চৌধুরী, পঞ্চম শ্রেণি, মিরপুর, ঢাকা।
প্রশ্ন: ২১০০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: যেহেতু ২১০০ সংখ্যাটি ৪০০ দ্বারা বিভাজ্য নয়, তাই ২১০০ সাল অধিবর্ষ নয়। আর যে সাল অধিবর্ষ নয় সেই সালের ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয়। সুতরাং ২১০০ সালের ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হবে।
তাশদিয়া তরফদার রিদিশা, নজরুল মডেল সরকারি বিদ্যালয়, ত্রিশাল।
প্রশ্ন: গণিত বিষয়ের অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যায়?
উত্তর: পঞ্চম শ্রেণির জন্য পাঠ্য প্রাথমিক গণিত বইয়ের ৫৫ নং পৃষ্ঠার উদাহরণ-১ ভালো করে দেখে নাও। উদাহরণের নিয়ম অনুসারেই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে।
নাফিসা বিনতে বাশার
শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।
প্রশ্ন: আমাদের গণিত বইয়ে অনুশীলনী-৯ অধ্যায় (শতকরা) প্রশ্ন ১৭-২৫ এই অঙ্কগুলো কি সূত্রের মাধ্যমে করা যাবে? যদি সূত্রের মাধ্যমে করি, পূর্ণ নং পাব কী?
উত্তর: শতকরা অনুশীলনীর ১৭-২৫ এই সমস্যাগুলোর সমাধান সূত্রের মাধ্যমেও করা যাবে। তবে সূত্র নির্ভুল হতে হবে।
মিথিলা আক্তার মৌ, স্টাডি গার্ডেন স্কুল, দর্শনা, রংপুর।
প্রশ্ন: সমাপনী পরীক্ষায় গণিতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কী?
উত্তর: পরীক্ষায় ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কিত নির্দেশনা জানতে সমাপনী পরীক্ষার প্রবেশপত্রের পেছনের নিয়মাবলি দেখে নাও।
মামুন আবদুল্লাহ, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজ।
প্রশ্ন: গণিতের জ্যামিতিতে চিত্র আগে দেব না সংজ্ঞা?
উত্তর: গণিত বিষয়ের জ্যামিতি অংশের চিত্রসহ সংজ্ঞা লেখোর ক্ষেত্রে আগে সংজ্ঞা লিখবে। তারপর যথাযথ চিত্র আঁকবে।