শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন পাঠাও নিচের ঠিকানায়।
ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক
রতন কান্তি মন্ডল, চিন্ময় দাস ও ইকবাল খান।
আওসাফ রহমান
বিএএফ শাহীন কলেজ, ঢাকা।
প্রশ্ন: প্যারাগ্রাফ কত শব্দ বা লাইনে লিখতে হবে?
উত্তর: প্রশ্নপত্রে উল্লেখ থাকবে প্যারাগ্রাফ কত শব্দে লিখতে হবে। ইংরেজি ১ম পত্রের ৮ নম্বর প্রশ্নের এবং ইংরেজি ২য় পত্রের ১৪ নম্বর প্রশ্নের প্যারাগ্রাফ লেখায় নম্বর থাকে ১০। প্রশ্নপত্রে উল্লেখ থাকে ২৫০ শব্দে প্যারাগ্রাফ লিখতে হবে। তাই ২৫০ শব্দের মধ্যে লেখাই উত্তম।
ইব্রাহিম খাঁ, মমতাজ আলী উচ্চবিদ্যালয়
ধনবাড়ী, টাঙ্গাইল।
প্রশ্ন: এসএসসিতে ইংরেজি প্রথম পত্রের বোর্ড বই থেকে কি প্রশ্ন আসবে না?
উত্তর: ইংরেজি প্রথম পত্রের দুটি প্যাসেজই আনসিন থাকবে। এই আনসিন প্যাসেজের ওপর ভিত্তি করেই বোর্ডের প্রশ্নকাঠামো অনুসারে প্রশ্ন হয়ে থাকে।
মোস্তাক আহমেদ, কোলাবাজার ইউনাইটেড হাইস্কুল, কালীগঞ্জ, যশোর।
প্রশ্ন: ২০১৫ সালের এসএসসি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিতের ব্যবহারিক সিলেবাস কী?
উত্তর: পদার্থবিজ্ঞানের ১১টি অধ্যায়ের ১৪টি পরীক্ষা রসায়নের ৮টি অধ্যায় থেকে ১৫টি পরীক্ষা, জীববিজ্ঞানে ৭টি অধ্যায় থেকে ১৩টি পরীক্ষা এবং উচ্চতর গণিত ৭টি অধ্যায় থেকে ১৫টি পরীক্ষা ব্যবহারিকে করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে www.nctb.gov.bd ওয়েবসাইটে ঢুকে Revised marks list final ফাইল খুলে দেখো।
মো. হাসিবুর রহমান, এসএসসি পরীক্ষার্থী
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: এসএসসি পরীক্ষায় গণিতের বহুনির্বাচনি প্রশ্নের ধরন কেমন হবে?
উত্তর: পরীক্ষায় গণিতের বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের প্রশ্নমালা তিনটি স্তরে বিন্যাস্ত থাকবে। কাঠিন্যের স্তরগুলো হলো সহজ, মধ্যম ও কঠিন।
সহজ ধরনের বহুনির্বাচনি প্রশ্ন একজন পরীক্ষার্থী ১০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে উত্তর লিখতে পারবে।
মধ্যম ধরনের বহুনির্বাচনি প্রশ্ন ৪০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে এবং কঠিন ধরনের প্রশ্ন ৬০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পরবে। সে দিকে লক্ষ রেখে প্রশ্ন প্রণয়ন করা হয়।