শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম ও বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো,
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, চিন্ময় দাস ও
মোস্তাফিজুর রহমান।
অভ্র
[email protected]
প্রশ্ন: গণিতে একটি অঙ্কের তিনটি অংশ থেকে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর যদি দেই, তবে কি নম্বর পাব?
উত্তর: অবশ্যই নম্বর পাবে যদি শুদ্ধ হয়। গণিতে ১০০ নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে ৬০ নম্বর। প্রতিটি প্রশ্নের নম্বর ১০। প্রশ্ন থাকবে ৯টি, উত্তর করতে হবে ৬টির। গণিতের একটি অঙ্ক ৩ ভাগে থাকবে, নম্বর থাকবে ২, ৪ ও ৪। প্রতিটি অংশের জন্য নির্ধারিত নম্বর বরাদ্দ আছে। যে অংশ সঠিক সে অংশের নম্বর পাবে।
ফাহিমা জান্নাত কলি
মর্নিং গ্লোরি স্কুল, সাভার ক্যান্ট., ঢাকা
প্রশ্ন: শারীরিক শিক্ষার সিলেবাসটি জানতে চাই?
উত্তর: শারীরিক শিক্ষার সিলেবাসটি নিচে দেওয়া হলো।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নম্বর ১০০ তত্ত্বীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।
তত্ত্বীয় অংশ: সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ৩৫ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।
শারীরিক শিক্ষা থেকে ২টি, স্বাস্থ্যবিজ্ঞান থেকে ৩টি এবং খেলাধুলা অংশ থেকে ১টি করে মোট ৬টি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে ন্যূনতম ১টি করে মোট ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৩৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ব্যবহারিক অংশ: ১টি খেলা প্রদর্শন: ১২ নম্বর, ১টি শরীরচর্চা প্রদর্শন: ৮ নম্বর, মৌখিক অভীক্ষা: ৫ নম্বর।
মেহেদী মুন্না
নাগেশ্বরী ডিএম একাডেমি, কুড়িগ্রাম
প্রশ্ন: শারীরিক শিক্ষায় কি ব্যবহারিক খাতা লিখতে হবে?
উত্তর: ব্যবহারিক খাতা লিখতে হবে না। ব্যবহারিক অংশে নম্বর ২৫। একটি খেলা প্রদর্শন ১২ নম্বর, একটি শরীরচর্চা প্রদর্শন ৮ নম্বর ও মৌখিক অভীক্ষা ৫ নম্বর।
ঐতিহ্য ভৌমিক, এ কে এম উচ্চবিদ্যালয়, ঢাকা
প্রশ্ন: ওএমআর ফরমের বৃত্ত কি পেনসিল দিয়ে ভরাট করা যাবে?
উত্তর: পেনসিল দিয়ে ওএমআর বৃত্ত ভরাট করা যাবে না। বল পয়েন্ট কলম দিয়ে খুব ভালো করে বৃত্ত ভরাট করতে হবে।
আকতার হোসেন
[email protected]
প্রশ্ন: ইংরেজি ২য় পত্র বিষয় নিয়ে খুব ভয়ে আছি।
উত্তর: ভয় পাওয়ার কিছু নেই। ইংরেজি ২য় পত্রের বিভিন্ন প্রশ্নের সমাধান খুব সহজভাবে পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে।