শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, জসিম উদ্দীন বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান।
আকাশ, আ. রাজ্জাক পাইলট উচ্চবিদ্যালয়
বাজিতপুর কিশোরগঞ্জ।
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে ভালো করে কীভাবে জানতে পারব?
উত্তর: পড়াশোনা পাতায় প্রতিদিন সৃজনশীল বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর ছাপা হয়, সেগুলো দেখো। আর বিস্তারিত জানতে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত সৃজনশীল প্রশ্নপদ্ধতি ভালো করার নিয়মকানুন বইটি সংগ্রহ করে পড়লে বিস্তারিত নিয়মকানুন জানতে পারবে।
হোসাইন মো. তন্ময়
[email protected]
প্রশ্ন: গণিত সৃজনশীলের জন্য কোনো আবশ্যিক প্রশ্ন রয়েছে কী?
উত্তর: গণিতে কোনো আবশ্যিক প্রশ্ন নেই। গণিতে পূর্ণমান ১০০। সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ ও বহুনির্বাচনির জন্য ৪০ নম্বর। প্রতিটি সৃজনশীলের জন্য ১০ ও প্রতিটি বহুনির্বাচনির জন্য ১ নম্বর। সৃজনশীল প্রশ্নে বীজগণিত থেকে ৩টি, জ্যামিতি থেকে ৩টি, ত্রিকোণমিতি থেকে ২টি ও পরিসংখ্যান থেকে ১টি করে মোট ৯টি প্রশ্ন থাকবে। বীজগণিত থেকে ২টি, জ্যামিতি থেকে ২টি, ত্রিকোণমিতি থেকে ১টি ও পরিসংখ্যান থেকে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর করতে হবে।
হাবীব
[email protected]
প্রশ্ন: সিভি একাধিক পাতায় লেখা যাবে কী?
উত্তর: ইংরেজি ২য় পত্রে সিভি একটি কভার লেটারসহ লিখতে হবে। উত্তরপত্রের বাম পাশের পৃষ্ঠায় কভার লেটার এবং ডানপাশের পৃষ্ঠায় সিভি লিখবে।
রহমান নাইমুর,
গাজীপুর উচ্চবিদ্যালয়, হবিগঞ্জ।
প্রশ্ন: রসায়নের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে ভালো হয়।
উত্তর: রসায়ন সৃজনশীল প্রশ্নপদ্ধতি পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নে সব অধ্যায়ই গুরুত্বপূর্ণ। তাই পুরো বইই পড়তে হবে।