শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর
শিক্ষকদের উত্তরপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দীন বিশ্বাস ও চিন্ময় দাস।
ইফতেখার আলম
গভ. জুবিলী উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ।
প্রশ্ন: ব্যক্তিগত পত্র সর্বোচ্চ কত পৃষ্ঠায় লেখা যায়?
উত্তর: ব্যক্তিগত পত্র লেখার ক্ষেত্রে নিয়ম কানুন মেনে যথাযথভাবে লেখাটাই প্রধান। কত পৃষ্ঠা লিখবে সেটা গুরুত্বপূর্ণ নয়।
সামিহা তাবাসসুম, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি অংশের সিলেবাসটি জানতে চাই?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্ন হবে ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে। প্রশ্ন থাকবে ৪০টি। সব প্রশ্নের উত্তর দিতে হবে।
তাহাজীব হাসান ধ্রুব
হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: একটি সৃজনশীল প্রশ্নের উত্তর (ক, খ, গ ও ঘ অংশ) কত পাতায় লেখা যাবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তরের দৈর্ঘ্য ‘ক’ অংশ সর্বোচ্চ ৩ বাক্যে, ‘খ’ অংশ সর্বোচ্চ ৫ বাক্যে, ‘গ’ অংশ সর্বোচ্চ ১২ বাক্যে ও ‘ঘ’ অংশ সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকবে। তবে বিজ্ঞান, গণিত কিংবা অন্যান্য বিষয়ে প্রমাণাদি সম্পন্ন করার জন্য সামান্য বেশি বাক্যের প্রয়োজন হলে তা গ্রহণযোগ্য হবে।
মাকসুদুল ইসলাম, মিরপুর বাংলা উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: রসায়নের প্রথম অধ্যায়টি বাদে ১১টি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের জন্য পড়লে হবে কি?
উত্তর: রসায়নের অধ্যায় ১২টি। পরীক্ষায় সবগুলো অধ্যায় থেকেই সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে।
দিলশাদ মাহমুদ মাহজি, নটর ডেম কলেজ, ঢাকা।
প্রশ্ন: প্রতিবেদন লেখার নমুনা দিলে ভালো হয়?
উত্তর: প্রতিবেদন লেখার নমুনা উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়।