শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম,
বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা:
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দীন বিশ্বাস, বাদল চৌধুরী ও চিন্ময় দাস।
সাজ্জাদ তৌহিদ
রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
প্রশ্ন: গণিতের বীজগণিতের ৩টি প্রশ্নের ৩টিই যদি উত্তর করি তবে কি নম্বর পাব?
উত্তর: বীজগণিত অংশ থেকে ৩টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে ২টি। তাই ২টি প্রশ্নের উত্তর সঠিকভাবে নেওয়া হবে। বাকি ১টির জন্য নম্বর দেওয়া হবে না।
রিয়াজউদ্দিন জুয়েল
হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়, কুমিল্লা।
প্রশ্ন: NaCl কে কেন লবণ বলা হয়?
উত্তর: লবণের ধর্ম যেমন একটি অম্লীয় অংশ (ঋণাত্মক) ও একটি ক্ষারীয় অংশ (ধনাত্মক) হতে আসে, এজন্য এতে এসিড বা ক্ষারকের কোনো ধর্ম অবশিষ্ট থাকে না। এমন কি এসিডের বৈশিষ্ট্যমূলক ধর্ম H+ এবং ক্ষারকের বৈশিষ্ট্যমূলক ধর্ম OH— থাকে না। এজন্য এরা এসিড বা ক্ষার কোন ধর্মই প্রদর্শন করতে পারে না। এজন্য এরা লবণ।
শাহরিয়ার কবির রাজন
যশোর জিলা স্কুল, যশোর।
প্রশ্ন: নীল কালির সঙ্গে সবুজ কালি ব্যবহার করা যাবে কি? মার্জিন কোন কালিতে দেব?
উত্তর: কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লেখাই উত্তম। মার্জিন কালো বল পয়েন্ট দিয়ে দেবে। প্রশ্নের নম্বর হাইলাইট করার জন্য নীল কালি ব্যবহার করা যাবে। সবুজ কালি ব্যবহার করবে না।
উত্সব রহমান
সাতমাথা, বগুড়া।
প্রশ্ন: ইংরেজি ১ম ও ২য় পত্রের প্যারাগ্রাফ লেখার কি শব্দ সংখ্যা নির্ধারিত আছে?
উত্তর: ইংরেজি ১ম ও ২য় পত্রের প্যারাগ্রাফ ২৫০ শব্দের মধ্যে লিখতে হবে।
কাইক আহসান
এসওএস হারমান মেইনার কলেজ, ঢাকা।
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষায় আরবি লেখাটা কি গুরুত্বপূর্ণ?
উত্তর: উত্তরের প্রয়োজনে আরবি দেওয়া যেতে পারে। তবে আরবি লেখা ভুল হলে নম্বর কমে যেতে পারে। তাই আরবি না লিখে বাংলা অর্থ লেখাই ভালো।
অনন্যা সরকার
কেশবপুর পাইলট স্কুল ও কলেজ
প্রশ্ন: ইংরেজি সিভি, লেটারে নিজের নাম-ঠিকানা ব্যবহার করা যাবে কি?
উত্তর: ইংরেজি সিভি লেটার এবং বাংলা চিঠিপত্রে নিজের নাম, ঠিকানা, স্কুলের নাম লেখা কখনো উচিত নয়।