শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা:
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান ও চিন্ময় দাস।
শাহরিয়ার মানিক আকাশ
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
প্রশ্ন: বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণ কত বাক্যে লিখলে পূর্ণ নম্বর পাব?
উত্তর: বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণে নম্বর থাকবে ১০। কত বাক্য লিখতে হবে তা প্রশ্নে নির্দিষ্ট নেই। সঠিকভাবে ভাবপ্রকাশ করতে পারলেই পুরো নম্বর পাবে।
তানজিল হাসান সরকার
মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাইস্কুল, জামালপুর।
প্রশ্ন: বাংলা বিষয়ের পত্র লিখন কি দুই পৃষ্ঠায় লেখা যাবে?
উত্তর: বাংলা বিষয়ের পত্র লিখন দুই পৃষ্ঠায় লেখা যাবে।
নাভিদ হোসেন
অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা।
প্রশ্ন: বাংলা ২য় পত্রের রচনাতে কি সংকেত দেওয়া থাকবে?
উত্তর: বোর্ডের নিয়মানুসারে বাংলা ২য় পত্রের রচনাতে সংকেত দেওয়া থাকবে এবং সে অনুযায়ী উত্তর লিখতে হবে।
সামিয়া
হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: প্রতিটি সৃজনশীল প্রশ্নে ৪টি ভাগ থাকে। যখন উত্তর দেয়া শুরু করবো তখন কি প্রতিটি ভাগের আগে প্রশ্নের নাম উল্লেখ করতে হবে?
উত্তর: প্রশ্নের উত্তর নিচের নিয়মে লেখাটা ভালো। যেমন:
১ নং প্রশ্নের উত্তর (ক),
১ নং প্রশ্নের উত্তর (খ)
এছাড়া ১ নং প্রশ্নের উত্তর’ লিখে বাকিগুলো শুধু ক, খ, গ, ঘ লিখে দিলেও হবে। অবশ্যই যেন তা স্পষ্ট ও পরিষ্কারভাবে লেখা থাকে।
প্রশ্ন: বহুনির্বাচনি উত্তরপত্রের ওএমআর পূরণের জন্য কি আলাদা সময় দেয়া হবে নাকি তা পরীক্ষার সময় থেকে কেটে নেয়া হবে?
উত্তর: বহুনির্বাচনি উত্তরপত্রে ওএমআর পূরণের জন্য আলাদা সময় দেওয়া হবে। পরীক্ষার জন্য নির্ধারিত ৪০ মিনিট থেকে সময় কেটে নেওয়া হবে না।
প্রশ্ন: ইসলাম ধর্ম পরীক্ষায় আরবি লেখা কি বাধ্যতামূলক?
উত্তর: আরবি লেখা বাধ্যতামূলক নয়।
সাদিকুর রহমান খান
শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, রাজশাহী।
প্রশ্ন: বাংলা ১ম পত্র বইতে কবি, লেখকদের জন্ম বা মৃত্যুসাল যা আছে তাই লিখব?
উত্তর: পাঠ্যবইয়ে কবি, লেখকদের জন্য বা মৃত্যু সাল যা আছে তাই লিখবে।
প্রশ্ন: সৃজনশীল গণিতের ‘গ’ অংশ ৪-৫ লাইনের করা যায়। এক্ষেত্রে ছোট হলেও কি পূর্ণ নম্বর অর্থাত্ ৪ পাওয়া যাবে?
উত্তর: গণিত প্রশ্নের ‘গ’ অংশে নম্বর থাকে ৪। এ অংশে ৪ নম্বরের জন্য ৪টি ধাপ দেওয়া থাকবে। ৪টি ধাপ সঠিকভাবে হলে পূর্ণ ৪ নম্বর পাওয়া যাবে। এখানে কত লাইনে করতে হবে তা মুখ্য নয়।
প্রশ্ন: উচ্চতর গণিত বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট ছাপালে ভালো হতো।
উত্তর: উচ্চতর গণিতের বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট পড়াশোনা পাতায় ছাপা হয়েছে গত ২৭ জানুয়ারি তারিখে। আর এ মডেল টেস্টের সঠিক উত্তর ছাপা হয়েছে ২৮ জানুয়ারি তারিখে।