শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা:
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দীন বিশ্বাস ও চিন্ময় দাস ।
মিজানুর রহমান
কাফকো স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’ অংশ কত লাইনে লেখা ভালো?
উত্তর: বোর্ডের নিয়মানুসারে ‘গ’ অংশের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে এবং ‘ঘ’ অংশের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে লিখলেই হবে। তবে প্রয়োজন অনুসারে বাক্য কম বা বেশি হতে পারে।
আফতাব হোসেইন , গবর্ণমেন্ট লাবরেটরি হাইস্কুল, ঢাকা।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রের সিভি কি ২ পৃষ্ঠায় লেখা যাবে?
উত্তর: ইংরেজি ২য় পত্রের সিভি প্রয়োজনে ২ পৃষ্ঠায় লেখা যাবে।
জুয়াইরিয়া শওকত জুমা, চট্টগ্রাম ল্যাবরেটরির স্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: গণিতে সৃজনশীল ও বহুনির্বাচনি পরীক্ষার সময় বণ্টন জানতে চাই?
উত্তর: গণিত পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৪০টি, সময় ৪০ মিনিট এবং সৃজনশীল অংশে নম্বর থাকবে ৬০, উত্তর করতে হবে ৬টি প্রশ্নের, সময় ২ ঘণ্টা ১০ মিনিট। সৃজনশীল অংশের ২ ঘন্টা ১০ মিনিট শেষ হলে এর ১০ মিনিট পর বহুনির্বাচনি অংশের প্রশ্নপত্র দেওয়া হবে। মাঝে বিরতির এই ১০ মিনিটে ওএমআর এর প্রয়োজনীয় তথ্য-পুরণ করতে হবে। প্রশ্নপত্র পেয়ে ৪০ মিনিটের মধ্যে ৪০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।
শাহরিয়ার রহমান, গভঃ ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী
প্রশ্ন: রচনা, ভাবসম্প্রসারণ, সারাংশ ইত্যাদির শিরোনাম ভিন্ন রঙের কালি দিয়ে লেখা যাবে কি?
উত্তর: লেখা কালো বল পয়েন্ট কলম দিয়ে লিখবে। পয়েন্ট বা শিরোনাম কালো কালিতে লিখে নীল কালির কলম দিয়ে আন্ডারলাইন করতে পার।
মাহবুব আলম, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও
প্রশ্ন: বহুনির্বাচনিতে অনেক শিক্ষার্থী ২টি বৃত্ত ভরাট করে, কেউ একটি বৃত্ত ভরাট করে। কোনটি সঠিক?
উত্তর: বহুনির্বাচনিতে সঠিক উত্তর বাছাইয়ের ক্ষেত্রে একটি মাত্র বৃত্ত ভরাট করতে হবে।
মতিউর রহমান,
সোনাহার বিতল উচ্চবিদ্যালয়, পঞ্চগড়
প্রশ্ন: শারীরিক শিক্ষার কী মৌখিক পরীক্ষা হবে? খাতার মার্জিনের জন্য কী নীল কালি ব্যবহার করা যাবে?
উত্তর: শারীরিক শিক্ষায় ৫ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। মার্জিন কালো বা নীল কালি দিয়ে দেওয়া যাবে।
মোঃ পল্লব মোল্লা
আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চবিদ্যালয, ফরিদপুর
প্রশ্ন: পরীক্ষার খাতায় কোন রঙের কলম ব্যবহার করা যাবে? খাতায় মার্জিন কি ২টা করে দেওয়া যাবে?
উত্তর: খাতায় কালো রঙের বল পয়েন্ট কলম ব্যবহার করবে। খাতায় মার্জিন দেবে বাঁ পাশে ও ওপরে একটা করে।