শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা শুরু হয়েছে। আজ তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী
অ্যান্থনী লিখন গমেজ, পঞ্চম শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: আমি পড়াশোনা পাতার একজন নিয়মিত পাঠক। আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই। প্রশ্নটি হলো, বাংলা রচনা ২০০ শব্দের কম বা বেশি হলে কি কোনো অসুবিধা হবে? আর প্রশ্নে প্রদত্ত সংকেত ছাড়া নিজের মতো করে পয়েন্টস যুক্ত করে লেখা যাবে কি?
উত্তর: প্রশ্নপত্রে যদি ২০০ শব্দের মধ্যে রচনাটি লিখতে বলা হয়ে থাকে তবে ২০০ শব্দের মধ্যেই লিখবে। অতিরিক্ত না লেখাই বাঞ্ছনীয়। রচনা লেখার ক্ষেত্রে প্রশ্নপত্রে উল্লেখ করা উপশিরোনাম ছাড়াও অতিরিক্ত উপশিরোনাম লেখা যাবে। তবে উপশিরোনাম অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।
আকাশ আব্দুল্লাহ সিদ্ধার্থ, মো. মিনহাজুর রহমান, পঞ্চম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন: বাংলা বিষয়ের ১ নম্বর প্রশ্নের উত্তর লেখার পর ১০ বা ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখা যাবে কি?
উত্তর: প্রশ্নপত্রের কাঠামো অনুসারে পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদ বা কবিতাংশ থেকে ১, ২, ৩, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো যোগ্যতাভিত্তিক। লেখার ক্ষেত্রে যোগ্যতাভিত্তিক প্রশ্নক্রমিকের ধারাবাহিকতা থাকা দরকার। যেহেতু ১ নং প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। কাজেই ১ নং প্রশ্নের উত্তর লেখার পর ধারাবাহিকভাবে ২, ৩, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর লেখা আবশ্যক। ১ নম্বর প্রশ্নের উত্তর লেখার পর ১০ বা ১১ নম্বর প্রশ্নের উত্তর লিখতে যাওয়াটা ঠিক হবে না।
প্রশ্ন: আবেদনপত্র বা চিঠি সর্বশেষে লেখা যাবে কী?
উত্তর: বাংলা বিষয়ের আবেদনপত্র বা চিঠি যোগ্যতাভিত্তিক প্রশ্নের অন্তর্ভুক্ত। যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নক্রমিকের ধারাবাহিকতা থাকা দরকার। কাজেই আবেদনপত্র বা চিঠি সবার শেষে নয়, ধারাবাহিকভাবে প্রশ্নক্রমিক ১, ২, ৩ ও ৪-এর পর ৫ নম্বর প্রশ্নের উত্তর হবে চিঠি বা আবেদনপত্র।
আকিব মাহবুব মজিদ, পঞ্চম শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা বিষয়ের ৩ নম্বর প্রশ্নের যুক্তবর্ণ প্রদত্ত অনুচ্ছেদ থেকে দেওয়া হবে নাকি বাইরে থেকে দেওয়া হবে? জানালে খুব উপকৃত হব।
উত্তর: বাংলা বিষয়ের ৩ নম্বর প্রশ্নের যুক্তবর্ণ সম্পর্কিত প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। আর যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো প্রদত্ত অনুচ্ছেদ-সংশ্লিষ্টই হয়ে থাকে। সে হিসেবে প্রদত্ত অনুচ্ছেদ থেকেই যুক্তবর্ণ থাকার সম্ভাবনা বেশি।