শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
মেহেদী জামান, পঞ্চম শ্রেণি
রংপুর জিলা স্কুল, রংপুর।
প্রশ্ন: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম—এই বিষয়ে তিন নম্বর প্রশ্নের (কাঠামোবদ্ধ) যতটুকু উত্তর চাওয়া হয়েছে, ততটুকু লিখব, নাকি বাড়তি লিখব? উদাহরণস্বরূপ, পানিদূষণ কী? পানিদূষণের দুটি কারণ ও দুটি প্রতিকার লেখো?
ওপরের বিষয়গুলোর উত্তর যদি আমি ধারাবাহিকভাবে না দিয়ে শেষ থেকে শুরু করি, যেমন: কাঠামোবদ্ধ থেকে শুরু করে বহুনির্বাচনি দিয়ে শেষ করি, তাহলে গ্রহণযোগ্য হবে?
উত্তর: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম বিষয়ে তিন নম্বর প্রশ্ন কাঠামোবদ্ধ এবং যোগ্যতাভিত্তিক। এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নে যতটুকু চাইবে ততটুকুই লিখতে হয়। তোমার দেওয়া উদাহরণ থেকে বলা যায়, এ ধরনের প্রশ্নে সাধারণত নম্বরগুলো ভাগ করে দেওয়া থাকে। যেমন- পানি দূষণ কী? এর উত্তর লেখার জন্য ১ নম্বর, সংজ্ঞাটা সঠিক লিখলেই হবে। পানি দূষণের দুটি কারণ—এর জন্য ২ নম্বর ও দুটি প্রতিকারের জন্য ২ নম্বর।
শেষ থেকে শুরু করলেও হবে। তবে যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নের ক, খ, গ ও ঘ ধারাবাহিকভাবে লেখা ভালো। আর বহুনির্বাচনি প্রশ্ন থেকে ৫০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবেই লেখা উত্তম। কিন্তু উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর যেন ভুল না হয়। এ ব্যাপারে সতর্ক থাকবে।
প্রশ্ন: ইংরেজি বিষয়ে শর্ট কম্পোজিশন কি পাঁচটি বাক্যের মধ্যে শেষ করতে হবে? এর বেশি দেওয়া যাবে না?
উত্তর: ইংরেজি শর্ট কম্পোজিশন প্রশ্নে যত লাইন লিখতে বলবে ঠিক তত লাইনই লিখবে।

মো. তুহিন খান, নবম শ্রেণি
ক্রিয়েটিভ মডেল একাডেমি, ডেমরা, ঢাকা।
প্রশ্ন: সৃজনশীল গণিতে ‘খ’ বা ‘গ’ অংশে যদি ‘ক’ অংশের ভুল উত্তর ব্যবহার করে যথাযথভাবে ‘খ’ বা ‘গ’ অংশটি সম্পন্ন করি, তবে ‘খ’ বা ‘গ’ অংশে পুরো নম্বর পাওয়া যাবে। কিন্তু ‘খ’ বা ‘গ’ অংশে যদি কোনো কিছু প্রমাণ করতে বলে, তবে ‘ক’ অংশের ভুল উত্তর ব্যবহার করলে প্রমাণ মিলবে না। সে ক্ষেত্রে পূর্ণ বা আংশিক নম্বর পাওয়া যাবে কি?
উত্তর: সৃজনশীল গণিতে ‘খ’ বা ‘গ’ অংশে যদি ‘ক’ অংশের ভুল উত্তর ব্যবহার করে যথাযথভাবে ‘খ’ বা ‘গ’ অংশটি সম্পন্ন করা হয়, তবে ‘খ’ বা ‘গ’ অংশে পুরো নম্বর পাওয়া যাবে। কিন্তু ‘খ’ বা ‘গ’ অংশে যদি কোনো কিছু প্রমাণ করতে বলে, তবে ‘ক’ অংশের ভুল উত্তর ব্যবহার করলে প্রমাণ মিলবে না। বীজগণিত বা ত্রিকোণমিতি প্রমাণের ক্ষেত্রে সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহারের প্রয়োজন হয়। ‘খ’ বা ‘গ’ অংশে ব্যবহূত সঠিক ধাপের জন্য পূর্ণ বা আংশিক নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে।

মো. সাহাবউদ্দিন, অষ্টম শ্রেণি
মতিঝিল মডেল হাইস্কুল ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: গণিতের ‘ক’-এর মান ভুল হলে ‘খ’ ও ‘গ’-এর নম্বর কি কাটা যাবে?
উত্তর: সৃজনশীল গণিতে ‘খ’ বা ‘গ’ অংশে যদি ‘ক’ অংশের ভুল উত্তর/মান ব্যবহার করে যথাযথভাবে ‘খ’ বা ‘গ’ অংশটি সম্পন্ন করা হয়, তবে ‘খ’ বা ‘গ’ অংশে পুরো নম্বর পাওয়া যাবে।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
উত্তর: জেএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তবে প্রোগ্রামিং করা যায় এ রকম সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয় না।

অর্ঘ্য, পঞ্চম শ্রেণি
দাউদ পাবলিক স্কুল, যশোর।
প্রশ্ন: ইংরেজি ১০ নম্বরের প্রশ্নটি কীভাবে লিখতে হবে?
উত্তর: ইংরেজি ১০ নম্বর প্রশ্নের উত্তরের নমুনা পড়াশোনা পাতায় ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ছাপা হয়েছে এবং ৩০ আগস্ট থেকে আবার ছাপা হবে। নমুনাগুলো ভালো করে দেখে নাও।