শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
কাকলী, জেরিন, সাদিয়া, পৃথিবী, জুঁথি, ৫ম শ্রেণি
শিশুকানন বিদ্যাভবন প্রি-ক্যাডেট স্কুল, মহিমাগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন: জ্যামিতি লেখার সময় আগে সংজ্ঞা লিখে চিত্র আঁকতে হবে না চিত্র এঁকে সংজ্ঞা লিখতে হবে?
উত্তর: জ্যামিতিতে আগে সংজ্ঞা লিখবে। তারপর পেন্সিল দিয়ে চিত্রটি আঁকবে। শেষে চিত্রের পরিচিতি লিখবে।
আরেফিন আরাফাহ সামি, ৫ম শ্রেণি
ঢাকা ইষ্টার্ন স্কুল, গোড়ান, ঢাকা।
প্রশ্ন: পরীক্ষার খাতায় গণিত রাফ কোথায় করবো?
উত্তর: পরীক্ষার খাতায় অংকের রাফ অংকের পাশে করাই ভালো।
প্রশ্ন: ইংরেজির ১০ নম্বর প্রশ্ন আমি কিভাবে লেখবো?
উত্তর: ইংরেজির ১০ নম্বর প্রশ্নের উত্তর পড়াশোনায় ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ছাপা হয়েছে এবং আজ ৩০ আগস্ট থেকে আবারও ছাপা হচ্ছে। সেগুলো পড়ে নাও।
মির্জা আহমেদ, ৫ম শ্রেণি
ইসপাহানি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও ধর্মে ২ নম্বর সংক্ষিপ্ত উত্তর কত বড় লিখতে হবে?
উত্তর: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও ধর্মের ২ নম্বর প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রতিটির নম্বর থাকবে ১। উত্তরটি সংক্ষিপ্ত হতে হবে। এক থেকে তিন লাইনের মধ্যে উত্তরটি যথাযথভাবে লিখতে পারলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব।
শফিউর, ৮ম শ্রেণি
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: একটি সৃজনশীল প্রশ্নের উত্তর সর্বোচ্চ কত পৃষ্ঠা লেখা যাবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। কেননা, এই প্রশ্নপদ্ধতিতে একজন পরীক্ষার্থীকে উদ্দীপক বিবেচনায় এনে উত্তর দিতে হয়। এ ক্ষেত্রে উদ্দীপক পড়ে এবং বুঝে বইয়ের তথ্যের আলোকে উত্তর দিতে সনাতন পদ্ধতি অর্থাত্ রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে যে সময় পেতে তার চেয়ে কম সময় পাবে। কাজেই সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে একটি সৃজনশীল প্রশ্নের প্রতিটি অংশের ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’-এর জন্য তোমাকে পৃষ্ঠার পর পৃষ্ঠার উত্তর লিখতে হবে না।
‘ক’ অংশ: জ্ঞানদক্ষতার জন্য একটি শব্দ বা একাধিক শব্দ বা বাক্যে প্রশ্নের উত্তর হতে পারে। তবে উত্তর সর্বোচ্চ ৩ বাক্যের বেশি না হওয়াই বাঞ্ছনীয়।
‘খ’ অংশ: অনুধাবন-দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।
‘গ’ অংশ: প্রয়োগদক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে। ‘ঘ’ অংশ: উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী উত্তরে বাক্যের এই সংখ্যা কম বা বেশি হতে পারে।
মিফতাহুল জান্নাত স্নেহা, ৫ম শ্রেণি
ফেনী শিশু নিকেতন, ফেনী।
প্রশ্ন: সৃজনশীল অংকে যেসব প্রশ্ন থাকে সেগুলো বড় করে লিখতে হবে, নাকি ছোট করে লিখতে হবে? যদি ছোট করে লিখে তবে কী নম্বর কাটবে?
উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনীতে গণিত বিষয়ে সৃজনশীল নয়, ‘যোগ্যতাভিত্তিক’ প্রশ্ন থাকবে। গণিতে ৩, ৪ ও ৮ নং প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক। প্রতিটি যোগ্যতাভিত্তিক প্রশ্নের নম্বর ৮ করে। যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো ৩ বা ৪ বা ৫টি অংশে ভাগ থাকতে পারে। প্রশ্নের সমাধান বড় বা ছোট করে নয়, তোমাকে যথাযথ ধাপ মেনেই সমাধান করতে হবে।
প্রশ্ন: জ্যামিতিতে চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হয়। চিত্রটিতে ABC লেখার সময় পেন্সিল নাকি কলম ব্যবহার করতে হবে?
উত্তর: জ্যামিতির চিত্র পেন্সিল দিয়ে আঁকবে। চিত্রের ABC বা ক খ গ ইত্যাদিও পেন্সিল দিয়ে লিখবে।