শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
তাফাননুম সায়রা কবীর, ৫ম শ্রেণি
কাপাসিয়া আইডিয়াল স্কুল, গাজীপুর।
প্রশ্ন: গণিত বিষয়ের অনুশীলনী ৯-এর ১৭ থেকে ২৫ নম্বর প্রশ্নের সমাধানে সূত্র বসিয়ে কি পূর্ণ নম্বর পাওয়া যাবে? বইয়ের উদাহরণ ৮, ৯, ১০-এ যেভাবে করা আছে ওভাবে করতে হবে?
উত্তর: গণিত বিষয়ের অনুশীলনী ৯-এর ১৭ থেকে ২৫ নম্বর প্রশ্নের সমাধান সূত্র বসিয়েও করা যাবে। তবে সূত্র সঠিক হতে হবে। বইয়ের উদাহরণ ৮, ৯, ১০ এ যেভাবে সমাধান দেওয়া আছে সেভাবেও করা যাবে।
রিহাব, অর্ক, জিসান
কাপাসিয়া আইডিয়াল স্কুল, গাজীপুর।
প্রশ্ন: সম্পর্ক প্রতীক কয়টি? এর উত্তরে আমরা চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে তিনটি পড়েছিলাম। এখন আমাদের বইয়ে সম্পর্ক প্রতীকগুলো আটটি দেওয়া আছে। এর উত্তরে কি তিনটি হবে, নাকি আটটি?
উত্তর: ৫ম শ্রেণির পাঠ্যবইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে সম্পর্ক প্রতীক ৮টি দেওয়া আছে। কাজেই প্রশ্ন যদি হয় সম্পর্ক প্রতীক কয়টি? তাহলে উত্তর লিখবে ৮টি।
জিসান খান, অষ্টম শ্রেণি
বাঘইল স্কুল ও কলেজ, ঈশ্বরদী, পাবনা।
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নে গ ও ঘ নম্বর প্রশ্নে কতটি বাক্যে উত্তর লেখা যায়?
উত্তর: সৃজনশীল প্রশ্নের ‘গ’ অংশ: প্রয়োগদক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে। ‘ঘ’ অংশ: উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী উত্তরে বাক্যের এই সংখ্যা কম বা বেশি হতে পারে।
দেবযানী সেনগুপ্তা, ৮ম শ্রেণি
সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলা কিংবা অন্য কোনো বিষয়ে সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার নিয়ম কী?
উত্তর: বাংলা বা অন্য কোনো বিষয়ে (শুধু মাত্র গণিত বাদে) প্রতি সৃজনশীল প্রশ্ন চারটি অংশে ভাগ থাকে। প্রথম অংশটি জ্ঞানমূলক অংশ। পাঠ্যবইয়ের মধ্য থেকেই এর উত্তর দেওয়া যাবে। নম্বর থাকবে ১। প্রশ্নের দ্বিতীয় অংশে যাচাই করে দেখা হবে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়টি ভালোভাবে তুমি বুঝেছ কিনা। অর্থাত্ তোমার অনুধাবন ক্ষমতা যাচাই করা হবে। নম্বর থাকবে ২। প্রথম ও দ্বিতীয় অংশের উত্তর শুধু পাঠ্যবই থেকেই দিতে পারবে। কিন্তু তৃতীয় ও চতুর্থ অংশের উত্তর দিতে হবে প্রশ্নে দেওয়া উদ্দীপকের সহায়তা নিয়ে।
প্রশ্নের তৃতীয় অংশে যাচাই করে দেখা হবে, পাঠ্যবইয়ে যেসব চিন্তা, ধারণা বা অনুভূতি রয়েছে, তার মধ্যকার যেগুলো ওই উদ্দীপকের ভেতর আছে, সেগুলোকে তুমি খুঁজে বের করতে পেরেছ কি না। অর্থাত্, পঠিত বিষয়ের ভেতর থেকে তুমি যেসব চিন্তাভাবনা আহরণ করেছ, বাইরের ভিন্ন পরিবেশ ও ভিন্ন বিষয়ের ভেতর সেগুলোকে উত্তরে প্রয়োগ করতে হবে। প্রশ্নের এই অংশকে বলা হয় ‘প্রয়োগমূলক’ অংশ। প্রশ্নের এই অংশের জন্য ৩ নম্বর বরাদ্দ থাকে।
প্রশ্নের চতুর্থ অংশে যাচাই করে দেখা হবে ওই অংশের সঙ্গে সম্পর্কিত পাঠ্যবইয়ের জায়গাটুকু ও উদ্দীপকের ভেতরকার ভাবনাচিন্তা, অনুভূতি-কল্পনাশক্তি, গভীরতা-ব্যাপকতা ইত্যাদিকে তুলনা করে তুমি বুঝতে পেরেছে কি না, এদের সাদৃশ্য-বৈসাদৃশ্য, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি বিচার-বিবেচনা করে নিজস্ব মতামত গড়ে তুলতে পেরেছো কি না। অর্থাত্, তুলনামূলক বিচার-বিবেচনার ভেতর দিয়ে তোমার নিজস্ব ও আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। প্রশ্নের চতুর্থ অংশের জন্য ৪ নম্বর বরাদ্দ থাকবে। প্রশ্নের এই অংশকে বলা হয় ‘উচ্চতর দক্ষতা’র অংশ।