শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক
মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
শাইরা হোসেন, পঞ্চম শ্রেণি
সৃজন বিদ্যাপীঠ, হাছননগর, সুনামগঞ্জ।
প্রশ্ন: জ্যামিতির ক্ষেত্রে স্থানাভাবে সংজ্ঞা ও চিত্র আলাদা পৃষ্ঠায় দেওয়া যাবে কি? নাকি সংজ্ঞা ও চিত্র আবশ্যিকভাবে একই পৃষ্ঠায় দিতে হবে।
উত্তর: জ্যামিতির সংজ্ঞা এক পৃষ্ঠায় চিত্র আরেক পৃষ্ঠায় না দেওয়াই ভালো। স্থানের অভাবে যাতে এমন না হয়, সে ব্যাপারে সচেতন থেকে পরীক্ষার খাতায় লেখা উচিত।

জান্নাতুল আদন, পঞ্চম শ্রেণি
শিশুনিকেতন উচ্চবিদ্যালয়, রংপুর।
প্রশ্ন: ইংরেজিতে লেটার কয় পৃষ্ঠা লিখব।
উত্তর: ইংরেজি বিষয়ের লেটার (letter) লেখার জন্য ১০ নম্বর থাকে। এই লেটার লিখন কিন্তু যোগ্যতাভিত্তিক। বিষয়বস্তুর ওপর নির্ভর করবে লেটার এক পৃষ্ঠায় শেষ করা যাবে নাকি দুই পৃষ্ঠা লাগবে। তবে দুই পৃষ্ঠার বেশি না লেখাই ভালো।
প্রশ্ন: ইংরেজি ১০ ও ১১ নম্বর প্রশ্ন খুব কঠিন। কী করব?
উত্তর: ভয় পাওয়ার কিছু নেই। ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের ১০ ও ১১ নম্বর প্রশ্ন তুমি যদি ভালো করে বুঝে থাকো তাহলে দেখবে উত্তর লেখা খুবই সহজ। আর পড়াশোনা পাতায় ১০ নম্বর প্রশ্নের নুমনা উত্তর ১৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ছাপা হয়েছে এবং ৩০ আগস্ট থেকে আবারও ছাপা হচ্ছে। ১১ নম্বর প্রশ্নের উত্তর শিগগির ছাপা হবে। ১০ নম্বর প্রশ্নের নমুনাগুলো ভালো করে দেখো ও পড়ো। দেখবে তোমার কাছে সহজ মনে হচ্ছে।
প্রশ্ন: গণিতের রাফ কোন দিকে দেব? রাফ শেষ হলে কি মুছে দেব?
উত্তর: গণিত বিষয়ের পরীক্ষার উত্তরপত্রে সমাধানের পাশে বক্স করে রাফ দেখাতে পারো। অথবা বাম পাশের পৃষ্ঠায় রাফ করে ডান পাশে সমাধান করা যেতে পারে। তবে প্রশ্নপত্র কিংবা অন্য কোনো কাগজে কখনো রাফ করতে যাবে না। যা কিছু রাফ পরীক্ষার খাতায় করবে।

মো. তাহমিদ আল কবির, ৮ম শ্রেণি
আর কে মিশন রোড, ঢাকা।
প্রশ্ন: গণিতের পাটি গণিত, বীজগণিত ও জ্যামিতি অংশের সৃজনশীল প্রশ্নের উত্তর পড়াশোনা পাতায় ছাপালে উপকৃত হবো।
উত্তর: গণিতের বিভিন্ন অধ্যায়ের সৃজনশীল অংকের নমুনা পড়াশোনা পাতায় ১৬ আগস্ট থেকে ছাপা হচ্ছে। অনুশীলনের জন্য সে অংকের সমাধান দেখে নেবে।

তাকি ইয়াসির, অষ্টম শ্রেণি
নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নাটোর।
প্রশ্ন: বহুনির্বাচনি উত্তরপত্রে কোনো প্রশ্নের উত্তর ভুল টিক দিলে তা কি কেটে সঠিকটি লেখা যাবে?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্নে একবারই টিক চিহ্ন দেওয়া যাবে। ভুল হলে তা কেটে পুনরায় টিক চিহ্ন দিলে তা গ্রহণযোগ্য হবে না।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রে চিঠিপত্র কি এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়া যাবে? যাকে পত্র পাঠানো হচ্ছে তার ঠিকানায় রোড নম্বর, বাড়ি নম্বর দেওয়া যাবে কি?
উত্তর: চিঠিপত্র এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়া যাবে। তবে বাম পাশের পৃষ্ঠায় শুরু করে ডান পাশের পৃষ্ঠায় এসে শেষ করাই ভালো। প্রশ্নের দেওয়া নাম, ঠিকানা ব্যবহার করতে হবে।

রিফাতুল ইসলাম ইমন, পঞ্চম শ্রেণি
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন: গণিতের ২ নম্বর প্রশ্নের উত্তর লিখতে সম্পূর্ণ অঙ্কটি কি করে দেখাতে হবে, নাকি উত্তর লিখলেই হবে?
উত্তর: গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটির শিরোনাম হলো ‘সংক্ষেপে উত্তর দাও’। এখানে কোনো প্রশ্ন সরাসরি সমাধান করে দেখাতে হয় আবার কোনটি মনে মনে হিসাবনিকাশ করে সরাসরি উত্তর লিখে দেওয়া যায়। কাজেই প্রশ্নের ধরন ও চাহিদা অনুসারে উত্তর লিখবে।