শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
অংকিতা সাহা অথৈ, পঞ্চম শ্রেণি
শহীদ মডেল স্কুল, সিরাজগঞ্জ।
প্রশ্ন: ইংরেজি বিষয়ের ৮ নম্বর প্রশ্নের কম্পোজিশন ১০ নম্বরের জন্য কয় লাইন লিখতে হবে? ছোট করে লিখলে কি কোনো নম্বর কাটা যাবে?
উত্তর: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রণীত প্রশ্ন কাঠামোর সঙ্গে দেওয়া ইংরেজি বিষয়ে সংযোজিত নতুন প্রশ্নের উদাহরণের আলোকে বলা যায়, ৮ নম্বর প্রশ্নের composition পাঁচটি বাক্যে লিখতে হবে। আর নম্বর বিভাজন হবে content, sentence structure, spelling, capital letters and puntuation marks-এর ভিত্তিতে। কাজেই ছোট-বড় নয়, প্রশ্নের নির্দেশনা অনুসারেই composition লিখবে।

শুভ সরকার, পঞ্চম শ্রেণি
ক্রিসেন্ট কিন্ডারগার্টেন, ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন: ইংরেজি ১০ নম্বর প্রশ্নের উত্তরটি কি প্রশ্নের সঙ্গে সাজিয়ে লিখতে হবে, নাকি শুধু উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: ইংরেজি বিষয়ের ১০ নম্বর প্রশ্নের ধরন দেখে উত্তর সাজিয়েও লিখতে পারো আবার শুধু উত্তরও লিখতে পারো। প্রশ্নের নির্দেশনা অনুসারে উত্তর লেখাই উত্তম।

সুমাইয়া ইসলাম, অষ্টম শ্রেণি
রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী।
প্রশ্ন: গণিতের সৃজনশীল প্রশ্নে ক, খ ও গ তিনটি প্রশ্ন থাকে। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর করার শেষে কি অবশ্যই উত্তর বা Answer লিখতে হবে?
উত্তর: প্রতিটি প্রশ্নের উত্তর করার শেষে উত্তর বা Answer লেখা বাধ্যতামূলক নয়। কারণ উত্তর আলাদাভাবে না লিখলে নম্বর কাটার বিধান নেই।

রুইয়ান চৌধুরী, পঞ্চম শ্রেণি
সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: গণিত অনুশীলনী ১০ (খ), ১১, ১৩ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ৩য়, ৫ম, ৭ম, ৮ম অধ্যায়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন চাই।
উত্তর: তোমার উল্লিখিত বিষয়সমূহের যোগ্যতাভিত্তিক নমুনা প্রশ্নোত্তর খুব শিগগিরই পড়াশোনা পাতায় ছাপা হবে।
প্রশ্ন: কোনো কম্পোজিশনে লাইন উল্লেখ করে না দিলে কত লাইন লেখা উত্তম?
উত্তর: কম্পোজিশন লেখার ক্ষেত্রে প্রশ্নপত্রে যত লাইন উল্লেখ থাকবে অবশ্যই নির্দেশিত তত লাইন লিখতে হবে। আর যদি প্রশ্নপত্রে লাইন নির্দেশিত না থাকে, তবে ১০ বাক্যে লেখা যেতে পারে।

অনিরুদ্ধ রায় অর্ক, পঞ্চম শ্রেণি
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা।
প্রশ্ন: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মের ২ নম্বর প্রশ্নে এক কথায় উত্তর লেখা যাবে কি না?
উত্তর: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মের ২ নম্বর প্রশ্ন হলো সংক্ষেপে উত্তর লেখা। প্রতি প্রশ্নের নম্বর থাকে ১। কাজেই প্রশ্নের চাহিদা অনুসারে এক বাক্য কিংবা দুই বাক্যও হতে পারে।
প্রশ্ন: বাংলায় ১২ (ক) নম্বর প্রশ্নের মধ্যে বিরাম চিহ্ন দিতে হবে?
উত্তর: বাংলা বিষয়ের ১২ নম্বর প্রশ্নটি হলো কবিতার চরণ সাজিয়ে লেখা এবং কবিতা, কবির নাম ও প্রশ্নোত্তর লেখা। ‘ক’ নম্বর হলো কবিতার এলোমেলো লাইনগুলো সাজিয়ে লেখা। এই অংশে পাঠ্যবইয়ে কবিতাটির যেখানে যে বিরাম চিহ্ন আছে তা অবশ্যই দিতে হবে।
প্রশ্ন: বাংলার ১২ (ঘ) নম্বর প্রশ্নের উত্তর কত লাইনে লিখতে হবে?
উত্তর: বাংলা বিষয়ের প্রশ্নপত্রের ১২ (ঘ) নম্বর প্রশ্নটি হলো কবিতাংশ থেকে ১টি প্রশ্ন। এখানে এই ১টি প্রশ্নের উত্তরের জন্য নম্বর হলো ২. কাজেই উত্তরটা ২ নম্বরের উপযোগী প্রাসঙ্গিক দুই লাইন বা তিন লাইন হতে পারে। এর বেশি নয়।