শিক্ষার্থীদের প্রশ্ন শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
* সৈয়দ নূর-ই-আবরার, অষ্টম শ্রেণি
নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: ইংরেজি দ্বিতীয় পত্রের ই-মেইলে কতটুকু লিখলে পূর্ণ নম্বর পাব।
উত্তর: ই-মেইলে পূর্ণ নম্বর পাওয়া নির্ভর করবে প্রদত্ত প্রশ্নের উত্তর যথাযথ নিয়মকানুন মেনে লেখার ওপর। ই-মেইল এক পৃষ্ঠায় লেখাই উত্তম।

* আবীর, ৫ম শ্রেণি
রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী।
প্রশ্ন: বাংলায় ৪ নম্বর প্রশ্নের মূলভাব কত লাইনে লেখা ভালো?
উত্তর: মূলভাব প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশের তিন ভাগের এক ভাগ হওয়া বাঞ্ছনীয়। বাক্য হিসেবে সর্বোচ্চ পাঁচ বাক্যে লেখা যেতে পারে।

* মো. সুজনা আলী, ৮ম শ্রেণি
ভাণ্ডারদহ জনতা উচ্চবিদ্যালয়, লালমনিরহাট।
প্রশ্ন: পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে কি?
উত্তর: পরীক্ষাকেন্দ্রে কোনোভাবেই মোবাইল ফোন নেওয়া ও ব্যবহার করা যাবে না।

* হোযাইফা ধীরাজ, ৫ম শ্রেণি
ঠনঠনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া।
প্রশ্ন: সমাজ, বিজ্ঞান ও ধর্মের ৩ নম্বর প্রশ্নের প্রথম চারটি যোগ্যতাভিত্তিক। এই চারটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন কি পাঠ্যবইয়ের একেক অধ্যায় থেকে থাকবে, নাকি ভিন্ন অধ্যায় থেকে থাকবে?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের তিন নম্বর প্রশ্নের ক. খ. গ ও ঘ যোগ্যতাভিত্তিক। এগুলো কোনো অধ্যায় ভিত্তিক প্রশ্ন নয়। নির্দিষ্ট কোনো অধ্যায়ের সঙ্গে এগুলোর সম্পৃক্ততা থাকতেও পারে নাও থাকতে পারে।
প্রশ্ন: বাংলা, সমাজ, বিজ্ঞান ও ধর্মের প্রশ্নের উত্তর পাঁচটি বাক্য চাইলে কি পয়েন্ট আকারেই দিতে হবে। নাকি পাঁচটি বাক্য লিখলেই হবে?
উত্তর: বাংলা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তর পাঁচটি বাক্য চাইলে পাঁচটি বাক্যই লিখতে হবে। এই পাঁচটি বাক্য প্রশ্নের ধরণ অনুসারে পয়েন্ট আকারে ও হতে পারে আবার অনুচ্ছেদ আকারেও হতে পারে।
প্রশ্ন: সমাজ, বিজ্ঞান ও ধর্মের ৩ নম্বর প্রশ্নের উত্তরে কি প্রথমে ভূমিকা ও শেষে উপসংহার দেওয়া যাবে? দিলে কি কোনো সমস্যা আছে?
উত্তর: কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ভূমিকা, উপসংহার লেখার কোনো সুযোগ নেই। প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর লিখতে হয়।
প্রশ্ন: ইংরেজি ১১ নম্বর প্রশ্ন তিন ধরনের থাকে। তার মধ্যে Fill in the gaps কি তুলে লিখতে হবে?
উত্তর: ইংরেজি বিষয়ের ১১ নম্বর প্রশ্নের Fill in the gaps প্রশ্নের নির্দেশনা অনুসারে লেখাই উত্তম।
প্রশ্ন: বাংলা রচনাতে কি পাঁচটির বেশি ইঙ্গিত দেওয়া থাকবে?
উত্তর: বাংলা রচনা লেখার জন্য সংকেত বা ইঙ্গিত পাঁচটি বা কম-বেশিও হতে পারে। তবে প্রশ্নে প্রদত্ত সংকেত বা ইঙ্গিত ব্যবহারের পাশাপাশি তুমি নিজেও যুক্তিসংগত উপশিরোনাম ব্যবহার করতে পার।

* রিয়াজ রহমান, ৫ম শ্রেণি
ধামরাই টিউটরিয়াল হোম, ঢাকা।
প্রশ্ন: ইংরেজিতে ৪ ও ৮-এর ‘Short composition’ কি ১০টি বাক্যে দিতে হবে, নাকি তার বেশি লিখতে হবে?
উত্তর: ইংরেজি বিষয়ের ৪ ও ৮ নং এর ‘Short composition’ প্রশ্নের নির্দেশনা অনুসারে লিখবে। প্রশ্ন যদি বলে ‘পাঁচটি বাক্যে লেখো’— তাহলে তো পাঁচটি বাক্যই লিখতে হবে।