শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক দীদার চৌধুরী, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
মো. তানজিমুল হক, ৫ম শ্রেণি
নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ।
প্রশ্ন: বন্ধনী প্রতীক কয়টি ও কী কী?
উত্তর: ৫ম শ্রেণির পাঠ্য প্রাথমিক গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ে দেয়া তথ্য অনুসারে বন্ধনী প্রতীক তিনটি। প্রথম বন্ধনী ( ), দ্বিতীয় বন্ধনী { } ও তৃতীয় বন্ধনী [ ]।
আল রাজি রাজ, ৫ম শ্রেণি
আনন্দ গভ. উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আরবি লিখলে কি বেশি নম্বর পাওয়া যায়?
উত্তর: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আরবি লিখলে বেশি নম্বর পাওয়া যাবে এমন কোনো নিয়ম নেই। আরবি লিখতে গিয়ে তা ভুল হলে বরং নম্বর কাটা যাবে। প্রশ্নের উত্তর যথাযথ লিখলে ভালো নম্বর পাবে।
রাইসা তাহসিন, ৮ম শ্রেণি
ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা।
প্রশ্ন: জেএসসি পরীক্ষার খাতা ভাঁজ করা যাবে কি? ওএমআর ফর্মে ভাঁজ পড়লে কী হবে?
উত্তর: জেএসসি পরীক্ষার খাতা ভাঁজ করা যাবে না। কারণ খাতার সঙ্গে ওএমআর ফরম লাগানো থাকে তাই ভাঁজ না করাই উত্তম। ওএমআর ভাঁজ করলে সেই ফরমটি মেশিনে ঠিক মতো রিড করতে পারবে না।
রেজা মিয়া, ৫ম শ্রেণি
কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়, গাইবান্ধা।
প্রশ্ন: অনুশীলনী ৯ এর ১৭-২৫ পর্যন্ত অঙ্কগুলো একই রকম এবং এই অঙ্কগুলো ঐকিক নিয়মে না করে সরাসরি সূত্র ব্যবহার করে সমাধান করলে নম্বর কর্তন করা হবে কি না? যেমন: ১৭ নম্বর অঙ্কটিতে মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখে, তাতে মান বসিয়ে কাটাকাটি করে উত্তর বের করলাম = ৮%। এটি চলবে কি না?
উত্তর: অনুশীলনী ৯ এর ১৭ থেকে ২৫ পর্যন্ত সমস্যাগুলো ঐকিক নিয়মেও করা যায়, আবার সূত্র ব্যবহার করেও সমাধান করা যায়। তবে সূত্র অবশ্যই সঠিক হতে হবে।
ঐন্দ্রী ভট্টাচার্য, ৮ম শ্রেণি
ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: জেএসসিতে কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের সঠিক প্রশ্নকাঠামোটি জানতে চাই।
উত্তর: জেএসসি পরীক্ষায় কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পূর্ণমান থাকবে ৫০। বহুনির্বাচনি অংশে থাকবে ২৫ নম্বর ও ব্যবহারিক পরীক্ষায় থাকবে ২৫ নম্বর।
নাজিয়া তাবাসসুম, ৮ম শ্রেণি
চট্টগ্রাম।
প্রশ্ন: সৃজনশীলের খ, গ, ঘ এর উত্তর কত বাক্যে লিখতে হবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। কেননা, এই প্রশ্নপদ্ধতিতে একজন পরীক্ষার্থীকে উদ্দীপক বিবেচনায় এনে উত্তর দিতে হচ্ছে। এ ক্ষেত্রে উদ্দীপক পড়ে এবং বুঝে বইয়ের তথ্যের আলোকে একজন শিক্ষার্থীকে উত্তর দিতে হবে।
‘খ’ অংশ: অনুধাবন-দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।
‘গ’ অংশ: প্রয়োগদক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।
‘ঘ’ অংশ: উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী উত্তরে বাক্যের এই সংখ্যা কম বা বেশি হতে পারে।