শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান।
তানভির আহমেদ শিমুল, ৮ম শ্রেণি
কলারোয়া জিকেএসকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা।
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নের উত্তরে শুধু মূল কথা লিখলেই কী পুরো নম্বর পাওয়া যাবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তরে শুধু মূল কথা লিখলেই হবে না। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নিয়মানুসারে ক, খ, গ ও ঘ অংশের যথাযথ উত্তর লিখতে হবে। নিচে নিয়মগুলো সংক্ষেপে দেওয়া হলো। তবে এ নিয়মগুলো তোমরা শিক্ষকদের কাছ থেকেও জেনে নিতে পার।
প্রতিটি সৃজনশীল প্রশ্ন (গণিত, উচ্চতর গণিত ও হিসাববিজ্ঞান ছাড়া) ভাগ থাকে চারটি অংশে। এই চারটি অংশের উত্তর থেকে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি ও চিন্তাক্ষমতার বিভিন্ন স্তর যাচাই করা হয়। প্রতিটি সৃজনশীল প্রশ্নে ১০ নম্বর বরাদ্দ থাকে।
‘ক’ অংশের উত্তর দেখে যাচাই করা হবে তোমার স্মৃতিশক্তি কতটা প্রখর। অর্থাত্, পাঠ্যবইয়ে ওই অংশের সঙ্গে সম্পৃক্ত পর্বটুকু তুমি পড়েছে কি না, আর পড়ে থাকলে তা তার ঠিকমতো মনে আছে কি না। এই অংশটুকু প্রশ্নের ‘জ্ঞানমূলক’ অংশ।
‘খ’ অংশে যাচাই করে দেখা হবে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়কে তুমি ভালোভাবে বুঝেছ কি না। অর্থাত্, তোমার বোঝার বা অনুধাবন করার ক্ষমতা কতটুকু। প্রশ্নের এই অংশটুকুকে বলা হয় ‘অনুধাবনমূলক’ অংশ। প্রশ্নের এই অংশের জন্য ২ নম্বর বরাদ্দ থাকে।
প্রশ্নের ‘গ’ অংশে এমন একটি জিনিস এসে যোগ হয়, যা নতুন। এর নাম ‘উদ্দীপক’। এর উদ্দেশ্য তোমাদের মনকে পাঠ্যবইয়ের সীমিত গণ্ডি থেকে বাইরের জগতের সংস্পর্শে নিয়ে আসা, যাতে পাঠ্যবইয়ে পড়া বিষয়কে বাস্তব পৃথিবীর সঙ্গে মিলিয়ে বৃহত্তর পরিপ্রেক্ষিতে ব্যাপারটিকে তুমি অনুধাবন করতে পার।
[প্রশ্নের ‘ক’ ও ‘খ’ অংশের উত্তর শুধু পাঠ্যবই থেকেই দেওয়া যাবে। কিন্তু ‘গ’ ও ‘ঘ’ অংশের উত্তর দিতে হবে উদ্দীপকের সহায়তা নিয়ে।]
প্রশ্নের ‘গ’ অংশে যাচাই করে দেখা হবে, পাঠ্যবইয়ে যেসব চিন্তা, ধারণা বা অনুভূতি রয়েছে, তার মধ্যকার যেগুলো ওই উদ্দীপকের ভেতর আছে, সেগুলোকে তুমি খুঁজে বের করতে পারছ কি না। অর্থাত্, পঠিত বিষয়ের ভেতর থেকে তুমি যেসব চিন্তাভাবনা আহরণ করেছ, বাইরের ভিন্ন পরিবেশ ও ভিন্ন বিষয়ের ভেতর সেগুলোকে তুমি প্রয়োগ করতে পারছ কি না। প্রশ্নের এই অংশকে বলা হয় ‘প্রয়োগমূলক’ অংশ। প্রশ্নের এই অংশের জন্য ৩ নম্বর বরাদ্দ থাকে।
প্রশ্নের ‘ঘ’ অংশে যাচাই করে দেখা হবে ওই অংশের সঙ্গে সম্পর্কিত পাঠ্যবইয়ের জায়গাটুকু ও উদ্দীপকের ভেতরকার ভাবনাচিন্তা, অনুভূতি-কল্পনাশক্তি, গভীরতা-ব্যাপকতা ইত্যাদিকে তুমি তুলনা করে বুঝতে পারছ কি না, এদের সাদৃশ্য-বৈসাদৃশ্য, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি বিচার-বিবেচনা করে তোমার নিজস্ব মতামত গড়ে তুলতে পারছ কি না। অর্থাত্, তুলনামূলক বিচার-বিবেচনার ভেতর দিয়ে তোমার নিজস্ব ও আলাদা দৃষ্টিভঙ্গি তুমি তুলে ধরতে পারছ কি না। প্রশ্নের ‘ঘ’ অংশের জন্য ৪ নম্বর বরাদ্দ থাকবে। প্রশ্নের এই অংশকে বলা হয় ‘উচ্চতর দক্ষতা’র অংশ। আর একটা কথা মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নপত্রের বহুনির্বাচনি প্রশ্নগুলোও কিন্তু ‘সৃজনশীল’ ধরনের। কেবল তথ্য জানলেই এগুলোর সঠিক উত্তর দেওয়া যাবে না; এগুলোর উত্তর দিতেও সৃজনশীল প্রশ্নের মতো একই রকম বুদ্ধি, চিন্তা ও কল্পনাশক্তির দরকার পড়ে।
# সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়।
‘ক’ অংশ: জ্ঞানদক্ষতার জন্য একটি শব্দ বা একাধিক শব্দ বা বাক্যে প্রশ্নের উত্তর হতে পারে। তবে উত্তর সর্বোচ্চ ৩ বাক্যের বেশি না হওয়াই বাঞ্ছনীয়।
‘খ’ অংশ: অনুধাবন-দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।
‘গ’ অংশ: প্রয়োগদক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।
‘ঘ’ অংশ: উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী উত্তরে বাক্যের এই সংখ্যা কম বা বেশি হতে পারে।