শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
অর্ণব, ৮ম শ্রেণি
পুলিশ লাইন
আদর্শ হাইস্কুল,
টাঙ্গাইল।
প্রশ্ন: ২০১৫ সালের জেএসসি পরীক্ষার ধরন কেমন হবে? সৃজনশীল খাতার মধ্যেই কি নৈর্ব্যক্তিক থাকবে? না আলাদা থাকবে?
উত্তর: জেএসসি পরীক্ষার প্রতিটি বিষয় বহুনির্বাচনি ও সৃজনশীল অংশে ভাগ থাকবে। খাতার মধ্যেই বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার (সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে) ছক কাটা উত্তরপত্র (পাশে একটি নমুনা দেওয়া হলো) থাকবে।
চৌধুরী মো. আবরার রাকিন, ৫ম শ্রেণি
নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ।
প্রশ্ন: ইংরেজিতে seen ও unseen দুটো passage কি ছবি দ্বারা প্রশ্ন থাকবে?
উত্তর: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রদত্ত ২০১৫ সালের চূড়ান্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুসারে বলা যায় seen ও unseen দুটোর ক্ষেত্রেই সাধারণ text, dialogue, diagram, picture এর যে কোন একটি থাকবে। আর উল্লিখিত বিষয়গুলোর ওপর ভিত্তি করেই প্রশ্ন থাকবে।
প্রশ্ন: বাংলা বিষয়ে ১১ নম্বর প্রশ্ন থাকবে বিপরীত শব্দের ওপর। আমি উত্তরটি পুরো বাক্যে লিখব নাকি এক শব্দে লিখব।
উদাহরণ:
ক. কাউকে ঘৃণা করতে নেই।
উত্তর: কাউকে ভালোবাসতে নেই।
এভাবে পুরো বাক্যে লিখব নাকি শুধু ঘৃণার বিপরীত শব্দ ‘ভালোবাসা’ শব্দটি লিখব।
প্রশ্ন: আবেদনপত্র কি ১ পৃষ্ঠায় লিখতে হবে?
উত্তর: বিপরীত শব্দের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের নির্দেশনা অনুসারে পুরো বাক্য অথবা শুধু বিপরীত শব্দটি লিখলেও পূর্ণ নম্বর পাওয়া যাবে। আর আবেদনপত্র এক পৃষ্ঠায় লেখাই উত্তম।
ইমরান হোসেন ছোয়াদ, ৫ম শ্রেণি
প্রগ্রেসিভ নার্সারি স্কুল, ময়মনসিংহ।
প্রশ্ন: এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৫-তে যোগ্যতাভিত্তিক প্রায় কত ভাগ হবে? গতানুগতিক প্রশ্ন প্রায় কত ভাগ হবে?
উত্তর: এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ৫০% যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে এবং গতানুগতিক ধারার প্রশ্ন হবে ৫০%।
সিরাজুল মনিরা তন্নি, ৫ম শ্রেণি
আজহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া, নোয়াখালী।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইতে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৮ম, আবার একই প্রশ্ন গণিতে আছে নবম। কোনটি সঠিক?
উত্তর: তোমার যে পাঠ্যবইয়ে বা বিষয়ে ঠিক যেভাবে আছে, সে বিষয়ের পরীক্ষার উত্তরে সেভাবেই লিখবে।