শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
*মিফতাহুল জান্নাত স্নেহা, ৫ম শ্রেণি, ফেনী।
প্রশ্ন: অঙ্কের শেষে কী লিখতে হবে? ‘উত্তর’ নাকি ‘সুতরাং’।
উত্তর: গণিত পাঠ্যবইয়ের উদাহরণে যেভাবে আছে, অঙ্কের সমাধান শেষে সেভাবেই লিখবে।
যেমন: কোনো ভাগ অঙ্কের সমাধান শেষে তুমি ভাজ্য ১৯৭৬ পেলে। সেক্ষেত্রে তুমি শুধু লিখতে পারো ভাজ্য ১৯৭৬।
# প্রাথমিক গণিত বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠার উদাহরণ ৬ দেখে নাও।
*মেহেদী জামান সাম্য, ৫ম শ্রেণি
রংপুর জিলা স্কুল, রংপুর।
প্রশ্ন: শতকরার অঙ্ক কি সূত্র দিয়ে সমাধান করা যাবে?
উত্তর: শতকরার অঙ্ক সূত্র দিয়েও সমাধান করা যায়। এতে কোনো সমস্যা হবার কথা নয়। তবে সূত্র অবশ্যই সঠিক হতে হবে।
*তানজিনা জাহান, ৮ম শ্রেণি
মুসলিম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।
প্রশ্ন: বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে যদি কোনো প্রাণীর বৈশিষ্ট্য থাকে, তাহলে কি চিত্র আঁকতে হবে? চিত্রের জন্য কি আলাদা কোনো নম্বর থাকবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নে ক, খ, গ ও ঘ অংশে পৃথক পৃথক নম্বর থাকে। প্রাণীর বৈশিষ্ট্য এলে শুধু বৈশিষ্ট্য লিখবে। চিত্র না আঁকলেও হবে। তবে প্রশ্নে চিত্র আঁকার কথা উল্লেখ থাকলে অবশ্যই আঁকতে হবে।
প্রশ্ন: ইংরেজি ১ম পত্রে লেটার কি বাঁ পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠায় যাওয়া যাবে? পরীক্ষায় কি রঙের জেলপেন ব্যবহার করা যেতে পারে?
উত্তর: লেটার বাঁ পাশ থেকে লেখা শুরু করে ডান পাশে শেষ করা যাবে। জেলপেন ব্যবহার না করাই ভালো। কালো কালির বলপেন ব্যবহার করাই উত্তম।
প্রশ্ন: পরীক্ষায় বহুনির্বাচনি ও সৃজনশীল কি একসঙ্গে দেওয়া হবে? উত্তরপত্র কি একসঙ্গে নেওয়া হবে?
উত্তর: বহুনির্বাচনি ও সৃজনশীল একই প্রশ্নে থাকবে। উত্তর একই খাতায় দিতে হবে। উত্তরপত্র একসঙ্গে নেওয়া হবে।
*ঋতুরাজ তালুকদার, ৮ম শ্রেণি
সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ।
প্রশ্ন: প্রশ্নের উত্তরগুলো যদি বেশি বড় করে লিখতে পারি, তবে বেশি নম্বর পাওয়া যাবে, এটা কতটুকু যুক্তিপূর্ণ?
উত্তর: প্রশ্নের উত্তর বড় হলেই বেশি নম্বর পাওয়া যাবে, তা ঠিক নয়। যথাযথ উত্তর হলেই বেশি নম্বর পাবে।
প্রশ্ন: বিজ্ঞানে কি শুধু প্রশ্নের মূল কথাটা লিখলেই চলবে, নাকি বিস্তারিত লিখব?
উত্তর: বিজ্ঞানে প্রশ্নের উত্তরটা যথাযথভাবে লিখবে। যা প্রশ্নে চেয়েছে, ঠিক তা-ই।
প্রশ্ন: বহুনির্বাচনি অংশে ভালো করার জন্য পাঠ্যবইয়ের সঙ্গে গাইডও কী পড়ব?
উত্তর: সব বহুনির্বাচনি প্রশ্নই মূলবই কেন্দ্রিক হবে। তাই বহুনির্বাচনি অংশে ভালো করার জন্য পাঠ্যবইটি খুব ভালো করে পড়বে।
*শাইমা ইসলাম, ৫ম শ্রেণি, বিএফ শাহীন কলেজ, ঢাকা।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সব বিষয়ে হাতের লেখা কি খুব সুন্দর করে লিখতে হবে? আর যদি সুন্দর করে লিখতে হয়, তবে লেখা কি বড় বড় পরিষ্কার হওয়া উচিত নাকি ছোট ছোট হওয়া উচিত?
উত্তর: হাতের লেখা সুন্দর হলে তো খুবই ভালো। সুন্দর করে লিখতে গিয়ে প্রশ্নের উত্তর যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখবে। হাতের লেখা পরিষ্কার ও স্পষ্ট হওয়া সবচেয়ে বেশি জরুরি। লেখার অক্ষর মধ্যম ধরনের হওয়াই উত্তম।
আসিফ আরাফাত, ৮ম শ্রেণি
ভিজে সরকারি উচ্চবিদ্যালয়, চুয়াডাঙ্গা।
প্রশ্ন: জেএসসি বা সমমানের সব পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ?
উত্তর: জেএসসিতে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।