শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
*সুমাইয়া ইসলাম, ৮ম শ্রেণি
রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী।
প্রশ্ন: ইংরেজিতে প্যারাগ্রাফ ও কমপোজিশন লেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ শব্দের কথা উল্লেখ থাকে। এই শব্দগুলো কীভাবে গণনা করা হবে? ছোট ছোট যেমন: a, the, in. বিভিন্ন প্রিপোজেশন এগুলো কি ধরতে হবে?
উত্তর: ইংরেজিতে প্যারাগ্রাফ ৮০ শব্দের মধ্যে ও কম্পোজিশন ২০০ থেকে ২৫০ শব্দের মধ্যে লিখতে হবে। আর্টিকেল ও বিভিন্ন রকম প্রিপোজিশন বাদ দিয়ে শব্দ ধরতে হবে।
প্রশ্ন: ইংরেজিতে Application কি এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে?
উত্তর: এক পৃষ্ঠার মধ্যে শেষ করা ভালো। দুই পৃষ্ঠা হলে বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করবে।
প্রশ্ন: ইংরেজিতে e-mail লেখার পরে কি সেটি কলম অথবা পেনসিল দিয়ে বক্স করে দিতে হবে?
উত্তর: ই-মেইল লেখার পর বক্স করে লিখতে পার।
*রিদুয়ান রাহিম খান, ৫ম শ্রেণি
সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ।
প্রশ্ন: গণিত বিষয়ের ২০১৫ সালের মানবণ্টনে রয়েছে যে, ‘৩ থেকে ৯ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের কোনো নম্বর পাবে না।’ তাহলে কীভাবে এটি করতে হবে? এটি কি অঙ্ক করার সময় পাশে রাফ করে দেখাতে হবে? নাকি প্রশ্নের নম্বর দিয়ে সমাধান লিখে অঙ্কটি করতে হবে?
উত্তর: প্রশ্নপত্রের প্রশ্নক্রমিক ৩ থেকে ৯ পর্যন্ত প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই করে দেখাতে হবে এবং রাফও থাকতে হবে।
প্রশ্ন: সব প্রশ্নের উত্তর ঠিক হলেও হাতের লেখা খারাপের জন্য কি Extra নম্বর কম দেওয়া হবে? জানতে চাই।
উত্তর: Extra নম্বর বলতে কিছু নেই। হাতের লেখা ভালো-খারাপ বড় কথা নয়। তবে হাতের লেখা অবশ্যই স্পষ্ট ও পরিষ্কার হতে হবে।
প্রশ্ন: জাঙ্ক ফুড গ্রহণে শিশুদের কী হয়?
ক. ডায়াবেটিস খ. ক্যানসার গ. বাতজ্বর ঘ. অরুচি
উত্তর কোনটি হবে? জানতে চাই।
সঠিক উত্তরটি হবে: খ. অরুচি।
*সূজয় দাস, ৮ম শ্রেণি
দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের ‘ঘ’ অংশের উত্তর সর্বনিম্ন কত বাক্যে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। ‘ঘ’ অংশটি হলো উচ্চতর দক্ষতার ওপর প্রশ্ন। ‘ঘ’ অংশের প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকা বাঞ্ছনীয়। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী উত্তরে বাক্যের এই সংখ্যা কম বা বেশি হতে পারে।
*সুদীপ্ত বণিক, ৮ম শ্রেণি, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের উত্তর কি আগে দেওয়া যাবে?
উত্তর: জেএসসি পরীক্ষায় বহুনির্বাচনি ও সৃজনশীল অংশ একই প্রশ্নপত্রে থাকবে। তাই একই পরীক্ষার খাতায় উত্তর করতে হবে। বহুনির্বাচনি অংশের সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তুমি তোমার ইচ্ছে মতো বহুনির্বাচনি অংশের উত্তর আগে দিতে পারবে।
প্রশ্ন: চারু ও কারুকলা পরীক্ষায় অঙ্কনসমূহ কি বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনা রয়েছে?
উত্তর: চারু ও কারুকলা পরীক্ষার অঙ্কনগুলোর নমুনা পাঠ্যবইতে দেওয়া আছে। সে অনুসারে পাঠ্যবই বা পাঠ্য বইয়ের বাইরে থেকেও থাকতে পারে।
প্রশ্ন: বিজ্ঞান পরীক্ষায় কী সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
উত্তর: বিজ্ঞান পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।