শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
নাওয়াল সাদাবী রোদেলা, ৮ম শ্রেণি
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রের ই-মেইল/লেটার কীভাবে লিখতে হবে?
উত্তর: ইংরেজি ২য় পত্রের ই-মেইল/লেটার কীভাবে লিখতে হবে তার নমুনা উত্তর পড়াশোনা পাতায় ছাপা হয়েছে ৭ থেকে ১৫ সেপ্টেম্বর এবং আবার ছাপা হবে ৩০ সেপ্টেম্বর থেকে। সেগুলো ভালো করে দেখে নাও।
দিপ্ত সাহা, ৫ম শ্রেণি
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: ইংরেজি ১২ নম্বর প্রশ্নটি কোথা থেকে পড়লে ৫ নম্বর পাওয়া সম্ভব?
উত্তর: ইংরেজি বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো Arrange/Rewrite the letters and words to make sense. পাঠ্যবইয়ের lesson গুলো ভালো করে পড়লে আশা করি এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না।
শ্রাবণী রায় শ্রেয়া, ৫ম শ্রেণি
নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রশ্ন: ইংরেজিতে দুটি শর্ট কমপোজিশন থাকে। যদি প্রশ্নের নির্দেশনায় কত বাক্যের মধ্যে লিখতে হবে, তা না থাকে তবে পাঁচ বাক্যেই লিখব, নাকি বেশি লিখব?
উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর প্রশ্নকাঠামোর সঙ্গে দেওয়া ইংরেজি বিষয়ে সংযোজিত নতুন প্রশ্নের উদাহরণ অনুসারে শর্ট কম্পোজিশন পাঁচ বাক্যে লেখার কথাই বলা হয়েছে।
ফারহান মাহমুদ
জুনিয়র ল্যাবরেটরি স্কুল, ঢাকা।
প্রশ্ন: পরীক্ষায় ফাউনটেন কলম কি ব্যবহার করতে পারব?
উত্তর: পরীক্ষায় ফাউনটেন কলম ব্যবহার করা যেতে পারে। তবে কালি যেন কালো অথবা নীল হয়। পরীক্ষার উত্তরপত্রে কালো বা নীল কালির কলম ছাড়া অন্য কালির কলম ব্যবহার করা ঠিক নয়।
মারিয়া, ৮ম শ্রেণি
টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্নের ধারা কেমন হবে?
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর প্রশ্নের ধারা দেওয়া হলো। পূর্ণ নম্বর থাকবে ৫০। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের জন্য ২৫ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ২৫ নম্বর বরাদ্দ থাকবে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন: ৮টি প্রশ্ন থাকবে। ৫টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৫ নম্বর। বহুনির্বাচনি প্রশ্ন: ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।
সায়মা আক্তার ঐশি, ৫ম শ্রেণি
আসিফ টিউটোরিয়াল হোম, ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন: চিঠি বা দরখাস্তের সবকিছু কি বাম দিক থেকে শুরু করব?
উত্তর: চিঠি বা দরখাস্ত দুই ভাবেই লেখা যায়। সবকিছু বাম দিক থেকে শুরু করলে নিয়ম অনুযায়ী বাম দিকেই শেষ করতে হবে।
মো. রেহান বাশার শাকি, ৮ম শ্রেণি
সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়, সুজানগর, পাবনা।
প্রশ্ন: বাংলা ১ম পত্রের ভেতরই কি সহপাঠ বা আনন্দপাঠ পরীক্ষা নেওয়া হবে। নাকি আলাদা প্রশ্ন থাকবে।
উত্তর: বাংলা ১ম পত্রের সঙ্গে সহপাঠ বা আনন্দপাঠ অংশের পরীক্ষা নেওয়া হবে। বাংলা ১ম পত্রে গদ্য, কবিতা ও সহপাঠ প্রতিটি অংশ থেকে ৩টি করে মোট ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে কমপক্ষে ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনি অংশে সহপাঠ বা আনন্দপাঠ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে।