শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।
*সানজিদা আক্তার, ৮ম শ্রেণি
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা।
প্রশ্ন: সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে অনুমিত শ্রেণির মধ্যবিন্দু ধরতে হয়। কিন্তু কোন শ্রেণির মধ্যবিন্দুকে অনুমিত শ্রেণির মধ্যবিন্দু ধরতে হবে? এর জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে কি না? উল্লেখ্য, যেকোনো শ্রেণির মধ্যবিন্দুকে অনুমিত শ্রেণির মধ্যবিন্দু ধরলে গড়ের উত্তর একই আসে।
উত্তর: সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে অনুমিত শ্রেণির মধ্যবিন্দু ধরতে হয়। কিন্তু কোন শ্রেণির মধ্যবিন্দুকে অনুমিত শ্রেণির মধ্যবিন্দু ধরতে হবে, এর জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। তুমি ঠিকই বলেছ, যেকোনো শ্রেণির মধ্যবিন্দুকে অনুমিত শ্রেণির মধ্যবিন্দু ধরলে গড়ের উত্তর একই আসে। তবে গড় যেহেতু শ্রেণিগুলোর মাঝামাঝি শ্রেণির মধ্যবিন্দুর কাছাকাছি কোনো সংখ্যা, সেহেতু শ্রেণিগুলোর মাঝামাঝি স্থানে অবস্থিত শ্রেণিকে অনুমিত শ্রেণি ধরাই উত্তম। যদি শ্রেণির সংখ্যা বিজোড় হয়, তবে শ্রেণিগুলোর ঠিক মাঝে যে শ্রেণিটি অবস্থিত, ওই শ্রেণিটিই অনুমিত শ্রেণি ধরতে পারো। আর যদি শ্রেণির সংখ্যা জোড় হয়, তবে শ্রেণিগুলোর মাঝামাঝি স্থানে দুটি শ্রেণি থাকবে। সে ক্ষেত্রে মাঝের শ্রেণি দুটির যে শ্রেণিতে গণসংখ্যা বেশি থাকবে, ওই শ্রেণিটিই অনুমিত শ্রেণি ধরা যাবে।
*আবদুল্লাহ আল মামুন, ৮ম শ্রেণি
ফরিদপুর জিলা স্কুল।
প্রশ্ন: পরিসংখ্যানে আয়তলেখের ক্ষেত্রে আলাদা করে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা করতে হবে কি?
উত্তর: পরিসংখ্যানে আয়তলেখের ক্ষেত্রে আলাদা করে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা করা দরকার।
*শ্রেয়া চৌধুরী, ৮ম শ্রেণি
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: তথ্য-উপাত্তে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রকৃত শ্রেণিসীমা না অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ধরে করতে হবে?
উত্তর: তথ্য-উপাত্তে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রকৃত শ্রেণিসীমা অথবা অবিচ্ছিন্ন শ্রেণিসীমা যেকোনোটি ধরেই করা যাবে।
*আবু জুনাইদ, ৮ম শ্রেণি
আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা।
প্রশ্ন: ভাবসম্প্রসারণে কি ভূমিকা ও উপসংহার দেওয়া যাবে?
উত্তর: ভাবসম্প্রসারণে ভূমিকা ও উপসংহার দেওয়ার প্রয়োজন নেই। প্যারা করে লিখলেই হবে।
*এস এম সাদ
খুলনা জিলা স্কুল, খুলনা।
প্রশ্ন: সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন একসঙ্গে দেওয়া হলে কোনটির উত্তর প্রথমে দেওয়া ভালো হবে?
উত্তর: সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন একই সঙ্গে থাকবে। তুমি যে অংশটি সবচেয়ে ভালো পারবে সে অংশটিই আগে উত্তর করবে।
প্রশ্ন: চারু ও কারুকলা পরীক্ষায় জলরং, নাকি প্যাস্টেল রং ব্যবহার করা উত্তম?
উত্তর: চারু ও কারুকলায় প্যাস্টেল রং বা পেন্সিল রং অর্থাত্ যেকোনো শুকনো রং ব্যবহার করাই উত্তম।
*হাফেজ আসাদুল্লাহ
পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা, কুড়িগ্রাম।
প্রশ্ন: যদি সৃজনশীল ১০ নম্বর এবং বহুনির্বাচনিতে যদি ২৫ নম্বর পাই, তাহলে কি পাস হবে?
উত্তর: তুমি কোন পরীক্ষার কথা বলেছ, তা স্পষ্ট নয়। জেএসসিতে সৃজনশীল অংশ ও বহুনির্বাচনিতে আলাদাভাবে পাস করতেই হবে এমন বিধান নেই। কিন্তু এসএসসিতে সৃজনশীল অংশ ও বহুনির্বাচনি অংশে অবশ্যই আলাদাভাবে পাস করতে হবে।