শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. জসিম উদ্দীন ও মো.আবু সুফিয়ান।

*জিসান, ৮ম শ্রেণি

   বাঘইল স্কুল ও কলেজ, পাবনা।

প্রশ্ন: জ্যামিতিতে চিত্র পেনসিল দিয়ে আকার পর ব্যাখ্যা কি কলম দিয়ে লিখব? নাকি পেনসিল দিয়ে লিখব?

উত্তর: জ্যামিতিতে চিত্র পেনসিল দিয়ে আঁকার পর ব্যাখ্যা কলম দিয়ে লিখতে হয়।

*ঐন্দ্রী ভট্টাচার্য, ৮ম শ্রেণি

   ধামরাই হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ,

   ধামরাই, ঢাকা।

প্রশ্ন: বহুনির্বাচনি অংশে, বিশেষ করে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু প্রশ্নে আমরা কনফিউজড হয়ে যাই। কাছাকাছি অর্থ থাকায় আমাদের সঠিক উত্তর নিয়ে জটিলতায় পড়তে হয়। কোন পদ্ধতি অনুসরণ করলে বা কী করলে আমরা এ ধরনের সমস্যা এড়াতে পারি?

উত্তর: বহুনির্বাচনি অংশে, বিশেষ করে বহুপদী সমাপ্তিসূচকগুলোর ধরনটাই এমন অর্থাত্ কনফিউজড করা। তোমাকে সঠিক উত্তরটি নিশ্চিতভাবে জানতে হবে। এ ধরনের সমস্যা এড়ানোর জন্য অবশ্যই পাঠ্যবইয়ের সমস্যাগুলো বারবার অনুশীলন করতে হবে।

*শেখ লোকমান গালিব, ৮ম শ্রেণি

   এসওএস হারম্যান মেইনার স্কুল, গল্লামারী, খুলনা।

প্রশ্ন: পাঠ্যবইয়ে যদি কোনো তথ্যবিভ্রাট থাকে আর পরীক্ষায় যদি সেটা আসে, তাহলে জেএসসি পরীক্ষায় সঠিক উত্তরটা লিখব নাকি বইয়েরটা?

উত্তর: সাধারণত তথ্যবিভ্রাট জাতীয় কোনো প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয় না। তাছাড়া তুমি যদি কোনো তথ্য ভুল বলে ধারণা করে থাক             সে ধারণা কতটা সঠিক সে প্রশ্ন থেকেই যায়। এক্ষেত্রে পাঠ্যবইয়ে দেওয়া তথ্যটি লেখাই উত্তম।

 *জিনিয়া আহমেদ, ৫ম শ্রেণি

   ওরিয়েন্ট একাডেমি, রংপুর।

প্রশ্ন: বাংলা রচনায় যেসব সংকেত দেওয়া থাকে, সেগুলোই লিখতে হবে নাকি ওগুলো বাদ দিয়ে আলাদা সংকেতও লেখা যাবে?

উত্তর: পরীক্ষার প্রশ্নে যে সংকেত দেওয়া থাকে, সেগুলো লিখলেই হবে।

 *নাজমুল সেজান, ৮ম শ্রেণি

   বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, ঢাকা।

প্রশ্ন: জেএসসি পরীক্ষায় কি তিন ঘণ্টার বেশি সময় দেওয়া হবে?

উত্তর: জেএসসিতে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা, শুধুমাত্র ৫০ নম্বরের চারু ও কারুকলায় বিষয়ের সময়সীমা হবে দুই ঘণ্টা ৩০ মিনিট, অন্যান্য ৫০ নম্বরের বিষয়গুলোর সময়সীমা হবে দুই ঘণ্টা।

 *মো. জুবায়ের হোসেন, ৮ম শ্রেণি

   রনহাট্টা চৌরঙ্গী উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও।

প্রশ্ন: ইংরেজি ন্যারেশন লেখার সময় প্রশ্নের প্যাসেজ তুলে দিতে হবে কি?

উত্তর: শুধু উত্তরটা লিখলেই হবে।

 *তাহমিদ মালেক, ৮ম শ্রেণি

   নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।

প্রশ্ন: বিজ্ঞান ও গণিতে কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?

উত্তর: সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

*সানজিদা আফরিন, ৮ম শ্রেণি

   শাহীন একাডেমি স্কুল ও কলেজ, ফেনী।

প্রশ্ন: খাতায় মার্জিন কলম নাকি পেনসিল দিয়ে দেব?

উত্তর: কালো কলম বা পেনসিল দিয়ে মার্জিন টানবে।