শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।
হামিম, হাসিন, সাইদ, হূদয়, ৮ম শ্রেণি
শিশুকানন বিদ্যালয় প্রি-ক্যাডেট স্কুল, গাইবান্ধা।
প্রশ্ন: উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে বাক্স কেটে ধাপ ও যথার্থতা লিখতে হবে? যদি উপপাদ্য বাক্স কেটে না লিখি, তবে কি আলাদাভাবে ‘ধাপ’ ও ‘যথার্থতা’ কথাগুলো উল্লেখ করে দিতে হবে? সাধারণ নির্বচন লিখতে হবে?
উত্তর: উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে সাধারণ নির্বচন লেখার কোনো প্রয়োজন নেই। উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে বাক্স কেটে ধাপ ও যথার্থতা লিখতেই হবে এমন কোনো নির্দেশনা থাকে না। প্রমাণের ক্ষেত্রে সঠিক ধাপগুলো অনুসরণ করে সঠিকভাবে প্রমাণ করতে পারলে পূর্ণ নম্বর দেওয়া হয়।
প্রশ্ন: উপপাদ্যে শুধু বিশেষ নির্বচন ও চিত্র আঁকা হলে কত নম্বর পাওয়া যাবে?
উত্তর: উপপাদ্যে চিত্র এঁকে শুধু বিশেষ নির্বচন লিখলে কমপক্ষে ১ নম্বর দেওয়া হয়।
ফাহমিদা ইয়াসমিন, ৮ম শ্রেণি
ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: গণিতে অঙ্কের শেষে উত্তর লিখতে হবে? নাকি অতএব লিখে প্রশ্নে দেওয়া লাইনটি লিখলেই চলবে? (যেমন: ‘অতএব তার মুনাফা ১০০ টাকা’)।
উত্তর: গণিতে অঙ্কের শেষে উত্তর লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে উত্তর লিখলে পরীক্ষকের দৃষ্টি আকৃষ্ট হয়।
প্রশ্ন: পরীক্ষার প্রশ্নে ছাপানো যেকোনো ভুল থাকলে পরীক্ষার হলে এর কোনো সংশোধনী আসবে কি? সংশোধনী দিলে কী করা যায়?
উত্তর: পাবলিক পরীক্ষার প্রশ্নে সাধারণত ভুল থাকার কথা নয়। তদুপরি ছাপানো যেকোনো ভুল থাকলে বোর্ডের সংশোধনী পত্র ছাড়া পরীক্ষার হলে এর কোনো সংশোধন দেওয়া হয় না।
মো. মুনতাসিম সৌমিক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
প্রশ্ন: বাংলা ২য় পত্রে রচনাতে কোনো ছড়ার লাইন নীল কালি দিয়ে লেখা যাবে?
উত্তর: বাংলা ২য় পত্রে রচনাতে বিষয়-সংশ্লিষ্ট ছড়া বা কবিতা দিতে পারবে। তবে যে কালি দিয়ে খাতায় লিখবে, সে কালি দিয়েই ছড়া বা কবিতা লিখবে।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় Scientific Calculator fx-570MS ব্যবহার করা যাবে?
উত্তর: জেএসসিতে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
মো. রিয়াদ হোসেন, ১০ম শ্রেণি
পশ্চিম মায়ানি আদর্শ উচ্চবিদ্যালয়, মিরসরাই, চট্টগ্রাম।
প্রশ্ন: লেখা খারাপের জন্য কি নম্বর কমবেশি হয়? কিসের ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়?
উত্তর: লেখা খারাপের জন্য নম্বর খুব একটা কমবেশি হয় না। তবে পরিষ্কার হাতের লেখা ও উত্তরপত্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা অবশ্যই পরীক্ষকের মনোযোগ আকৃষ্ট করে থাকে। প্রয়োজনীয় সঠিক উত্তরের ওপর ভিত্তি করেই নম্বর দেওয়া হয়।
মোছা. আদিয়া তাবাসসুম, ৫ম শ্রেণি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রশ্ন: বাংলা পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদভিত্তিক ৭ নম্বর প্রশ্নের উত্তর কয় লাইনে লিখব? কৌশল, উদ্ধৃত্ত, উত্থিত-এর বিপরীত শব্দ কী?
উত্তর: বাংলা বিষয়ের ৭ নম্বর প্রশ্নটি হলো পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ ভিত্তিক। প্রশ্নের চাহিদা ও নির্দেশনা ভালোভাবে বুঝে উত্তর লিখবে। বিপরীত শব্দগুলো নিচে দেওয়া হলো:
কৌশল- অপকৌশল, উদ্ধৃত্ত - কমতি, উত্থিত - পতিত।