শিক্ষার্থীদের প্রশ্ন ,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো.আবু সুফিয়ান।
এস এম সাদ, ৮ম শ্রেণি
খুলনা জিলা স্কুল, খুলনা।
প্রশ্ন: সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন একসঙ্গে দেওয়া হলে কোনটির উত্তর প্রথমে দেওয়া ভালো হবে?
উত্তর: সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন একই সঙ্গে থাকবে। তুমি যে অংশটি সবচেয়ে ভালো পারবে সে অংশটিই আগে উত্তর করবে।
প্রশ্ন: চারু ও কারুকলা পরীক্ষায় জলরং, নাকি প্যাস্টেল রং ব্যবহার করা উত্তম?
উত্তর: চারু ও কারুকলায় প্যাস্টেল রং বা পেন্সিল রং অর্থাত্ যেকোনো শুকনো রং ব্যবহার করাই উত্তম।
রাইয়ান, ৫ম শ্রেণি
সাভার ল্যাবরেটরি স্কুল, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কি এক বাক্যে লিখতে হবে না পুরোটাই? উদাহরণস্বরূপ প্রশ্ন: বাংলাদেশের রাজধানীর নাম কী?
উত্তর: উত্তর লিখবে— ঢাকা। অথবা পুরো লাইনও লেখা যাবে। যেমন: বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা।
ইরফান হক, ৫ম শ্রেণি
চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোনা।
প্রশ্ন: গণিত পরীক্ষায় রাফ কোন পাশে করতে হবে?
উত্তর: গাণিতিক সমস্যার সমাধানের ডান পাশে রাফ করাই উত্তম। অথবা বাম পৃষ্ঠায় রাফ করে ডান পৃষ্ঠায় সমাধান করা যায়। তবে প্রশ্নপত্রে কিংবা আলাদা কোনো কাগজে রাফ করা যাবে না।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নম্বর প্রশ্নের উত্তর কি এক বাক্যে লিখব?
উত্তর: প্রশ্নের চাহিদা ও নির্দেশনা অনুসারে উক্ত বিষয়সমূহের ২নং প্রশ্নের উত্তর এক বাক্যেও হতে পারে আবার দুই বাক্যেও হতে পারে।
প্রশ্ন: ইংরেজিতে Paragraph কি ৫ লাইনে লিখব না নিজের ইচ্ছেমতো লিখব?
উত্তর: ইংরেজি প্রশ্নে দেওয়া নির্দেশনা অনুসারেই শর্ট কম্পোজিশন লিখবে। নিজের ইচ্ছেমতো লেখার সুযোগ নেই।
আঞ্জুমান বিনতে আলম, ৮ম শ্রেণি
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ
প্রশ্ন: ইংরেজিতে E-mail কি বক্স করে লেখা যাবে?
উত্তর: ইংরেজিতে E-mail বক্স করে বা বক্স ছাড়া দুভাবেই লেখা যাবে।
মো. মোহাদ্দিসিন হাসান, ৫ম শ্রেণি
লিটল ফ্লাওয়ার্স কিন্ডারগার্টেন, পীরগঞ্জ, রংপুর।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ইসলাম ও নৈতিক শিক্ষা— এই তিনটি বিষয়ে ৩ নম্বর প্রশ্নের উত্তরে কি ভূমিকাস্বরূপ কিছু কথা এবং শেষ কথা লিখব নাকি প্রশ্নে যা উল্লেখ থাকবে, শুধু তা-ই লিখব।
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৩নং প্রশ্নের উত্তর লেখার সময় ভূমিকা কিংবা শেষ কথা-এর কোনোটিই লেখা প্রয়োজন নেই। প্রশ্নে যা চাইবে সরাসরি তারই উত্তর লিখবে এবং যত বাক্যে লিখতে বলা হবে ঠিক তত বাক্যেই লেখার চেষ্টা করবে।
মো. আবদুল্লাহ আল নোমান, ৮ম শ্রেণি
ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চবিদ্যালয়, গাজীপুর
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ-নম্বর খাতার কোন জায়গায় লিখলে ভালো হবে?
উত্তর: সৃজনশীল প্রশ্নের নম্বর খাতার মাঝ বরাবর লেখাটাই ভালো। যেমন: ১নং প্রশ্নের উত্তর (ক)।