শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. হুমায়ুন কবীর।
তানহা বিনতে নেসার, ৮ম শ্রেণি
মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্নের ‘খ’, ‘গ’, ও ‘ঘ’ অংশের উত্তরের শুরু এবং শেষ কিভাবে করলে পুরো নম্বর পাওয়া যাবে?
উত্তর: বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্নের ‘খ’, ‘গ’, ও ‘ঘ’ অংশের উত্তর কিভাবে শুরু এবং শেষ করবে তা নিচে নারী কবিতার একটি নমুনা প্রশ্নোত্তরের মাধ্যমে দেখানো হলো। ‘খ’ অংশের উত্তর পাঠ্যবই থেকেই লিখতে পারবে। কিন্তু ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের উত্তর প্রশ্নে দেওয়া উদ্দীপকের আলোকেই লিখতে হবে।
# মাঝিপাড়া গ্রামের মকবুল তিন বিয়ে করেছে। নিজের কোনো আয়-রোজগার নেই। বউদের আয়ে সংসার চলে তার। ১৫ থেকে ২০ বছর ধরে চলছে এ অবস্থা। বউরা চাটাই বোনে, ধান ভানে, অন্যের বাড়িতে ঝিগিরি করে, কখনো বা কোদাল দিয়ে কুপিয়ে জমি চাষ করে। অথচ কারণে-অকারণে বিভিন্ন সময় তাদের নানা রকম গঞ্জনা সইতে হয়। সেবার মকবুল চতুর্থ বিয়ে করতে চাইলে তিন বউ যখন বাধা দিয়েছিল, তখন মকবুল একসঙ্গে তিন বউকেই তালাক দিয়ে দেয়। উপায় না দেখে অসহায় অবস্থায় তারা তিনজনই এত বছরের তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যায়। তার পরও মকবুলের কোনো অনুশোচনা হয় না।
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন? ২
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো। ৪
উত্তর: খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই। কারণ, সমাজ-সভ্যতার উন্নয়নে উভয়েই সমান অবদান রাখতে পারে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি, মানবতাবাদী কবি। ‘নারী’ কবিতায় তিনি দেখিয়েছেন, সৃষ্টির উষালগ্ন থেকেই পুরুষ ও নারীর সমান অংশগ্রহণেই আজকের এ সভ্যতা। এ পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু মন্দ, সবকিছুই পুরুষ ও নারী উভয়ের সমান অবদানের ফসল। তাই কবি পুরুষ-রমণীর মধ্যে কোনো ভেদাভেদ খুঁজে পাননি।
উত্তর: গ. উদ্দীপকে ‘নারী’ কবিতায় নারীর অবদান অস্বীকার বা নারীর অবমূল্যায়নের দিকটি প্রতিফলিত হয়েছে।
‘নারী’ কবিতায় আমরা দেখতে পাই, নারীর অবমূল্যায়নের এক বীভত্স চিত্র। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীকে সে যুগে যথাযথ সম্মান দেওয়া হতো না। পুরুষের পাশাপাশি নারী সমানতালে, সভ্যতার উন্নয়নে অংশগ্রহণ করত। ....... আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর অবমূল্যায়নের দিকটি লক্ষ করি। মাঝিবাড়ির দরিদ্র কৃষক মকবুল বউদের আয়ে চললেও কখনো সে বউদের মর্যাদা ও কাজের স্বীকৃতি দেয়নি। ধান ভানা, চাটাই বোনা থেকে শুরু করে বিচিত্র কাজের মাধ্যমে তিন বউ সংসারের চাকা সচল রেখেছিল। কিন্তু মকবুল তার স্বার্থে চতুর্থ বিয়ে করতে চাইলে বউরা ন্যায়সংগত প্রতিবাদ জানায়। অথচ মকবুল একসঙ্গে তিনজনকেই তালাক দিয়ে যার যার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বউদের সব অবদান মকবুল ভুলে যায়। একের বেশি বিয়ে কাম্য নয়, মকবুল সেটাও উপলব্ধি করে না। যুগ যুগ ধরে নারীর এই অবমূল্যায়নের দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
উত্তর: ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় কার্যকর কিছু পরামর্শ দিয়েছেন। অর্থাত্, কবি জানাতে চান যে সময় বদলে গেছে, এখন সাম্যের যুগ, মানবতার যুগ। এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। .......
আলোচ্য ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন, এমন এক সময় ছিল, যখন নারীরা ঠিকই পুরুষের পাশাপাশি কাজে অংশ নিত এবং পুরুষের মতোই সাহসিকতাপূর্ণ অবদান রাখত। কিন্তু পুরুষেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নারীর সে অবদান অস্বীকার করত। পুরুষের অবদান ইতিহাসের পাতায় পাতায় লিখে রাখলেও নারীর অবদান লেখার ব্যাপারে ছিল যত কার্পণ্য। নারীর কিছুই মূল্যায়ন করা হতো না।
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর সে অবমূল্যায়নের চিত্র দেখেছি। মকবুলের সংসারে তিন স্ত্রী তাদের হাঁড়ভাঙা খাটুনির প্রতিদান পেয়েছে নিঃস্ব-অসহায় অবস্থায় তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে। মকবুল একবারের জন্যও এত বছর ধরে তার সংসারে বউদের অবদানের কথা স্বীকার করেনি। মকবুল বউদের মূল্যায়ন করা তো দূরের কথা, বউদের নিজ হাতে গড়া সংসারের কুটোটি পর্যন্ত কোনো বউকে দেয়নি।
কবি এ কবিতায় সেসব পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন মানুষের উদ্দেশে বলেছেন, এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। নারীর যথাযথ মূল্যায়ন করতে হবে, নারীর অবদানকে যথার্থভাবে স্বীকার করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে। অন্যথায় পরবর্তী যুগে পুরুষরাও এর বিরূপ প্রতিফল ভোগ করতে বাধ্য হবে। উদ্দীপকের মকবুলের মতো লোকদের ‘নারী’ কবিতা থেকে কাজী নজরুল ইসলামের এ পরামর্শ গ্রহণ করতে হবে।