শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মো. আবু সুফিয়ান।
মাহবুবা হক খন্দকার, পঞ্চম শ্রেণি
সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: পরীক্ষার খাতার টপপেজ পূরণ করা ও রোল নম্বর লেখার সময় স্কুলের রোল নম্বর লিখব নাকি সমাপনী পরীক্ষার রোল নম্বর লিখব?
উত্তর: পরীক্ষার খাতার ‘টপপেজ’ পূরণ করা ও রোল নম্বর লেখার সময় তোমার সমাপনী পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া রোল নম্বর লিখবে।
প্রশ্ন: অতিরিক্ত খাতা নিলে তাতে নাম, রোল ও অন্যান্য তথ্য লিখে নিতে হবে নাকি?
উত্তর: মূল খাতায় উত্তর লেখার পরও যদি তোমার প্রশ্নোত্তর বাকি থাকে তাহলে কক্ষ পরিদর্শকের কাছ থেকে অতিরিক্ত পৃষ্ঠা চেয়ে নেবে। এই অতিরিক্ত পৃষ্ঠায় তোমার নাম, রোল নম্বর ও অন্যান্য তথ্য লেখার প্রয়োজন নেই। তবে অতিরিক্ত পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দেওয়া ভালো। আর অন্যান্য তথ্য অর্থাত্ তুমি কয়টি অতিরিক্ত পৃষ্ঠা নিয়েছ তা কক্ষপরিদর্শক মহোদয় তোমার পরীক্ষার খাতার নির্দিষ্ট স্থানে স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করবেন।
প্রশ্ন: ইংরেজি বিষয় নিয়ে আমার প্রশ্ন হচ্ছে ১০ নম্বর প্রশ্নের উত্তরে বক্স এঁকে নিতে হবে নাকি?
উত্তর: ইংরেজি বিষয়ের ১০ নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নের নির্দেশনা অনুসারে লিখবে। প্রশ্নে যদি বক্স আঁকা থাকে তাহলে বক্স এঁকে উত্তর লিখবে। আর যদি গতানুগতিক ধারার প্রশ্ন থাকে তাহলে স্বাভাবিক নিয়মেই লিখবে।

সুমাইয়া মুমতাহানা চৌধুরী, অষ্টম শ্রেণি
রাজধানী আইডিয়াল স্কুল, ঢাকা।
প্রশ্ন: অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১০৭ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ২০১২-১৩ অর্থবছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক খাতে ৮ হাজার ৯০ ডলার আয় করেছে। আমার মনে হয়, এটি সঠিক নয়। পরীক্ষায় এ প্রশ্ন এলে আমরা কি বইয়ের এ তথ্যই দেব?
উত্তর: পাঠ্যবইয়ে যে তথ্য থাকবে, প্রশ্নের উত্তরে উত্তরপত্রে সে তথ্য লেখাই উত্তম।

বুশরা শেহনান, অষ্টম শ্রেণি
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জ।
প্রশ্ন: বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ বিভাগ থেকে ২০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো কি পাঠ্যবইয়ে প্রদত্ত বিষয় সম্পর্কে আসবে নাকি বাইরে থেকে আসবে? যেমন: পাঠ্যবইয়ে সমাস, উপসর্গ, অনুসর্গ, কারক, বিভক্তি ইত্যাদি বিষয় নেই। এখন ওই বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কি?
উত্তর: বাংলা দ্বিতীয় পত্রে যে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন আসে সেগুলো অষ্টম শ্রেণির বোর্ড নির্ধারিত ব্যাকরণ বই থেকেই করা হয়। পাঠ্যবইয়ে যে বিষয়গুলো নেই সেগুলো থেকে প্রশ্ন আসবে না।
প্রশ্ন: রচনার সংকেত, আবেদনপত্রের বিষয় বা কোনো আয়াত বা হাদিসের পরে নীল বা সবুজ কলম দিয়ে আন্ডারলাইন করা যাবে কি?
উত্তর: পরীক্ষার হলে কালো কালির বলপয়েন্ট ব্যবহার করাই উত্তম। প্রয়োজনীয় উদ্ধৃতি সংকেত ইত্যাদি কালো কালির কলম বা নীল কালির কলম দিয়ে আন্ডারলাইন করা যাবে। তবে কালো ও নীল বাদে অন্য কোনো কালি উত্তরপত্রে দেওয়া যাবে না।
প্রশ্ন: বাংলা রচনা কত শব্দের মধ্যে লেখা উত্তম?
উত্তর: বাংলা রচনার জন্য কোনো শব্দ সংখ্যা নির্ধারিত নেই। প্রশ্নপত্রে রচনার সংকেত দেওয়া থাকে, সংকেত ধরে লিখতে হবে। মনে রাখতে হবে রচনা খুব ছোট বা খুব বড় করা উচিত নয়। মানসম্মতভাবে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে।

মোনেম শাহারিয়া, অষ্টম শ্রেণি
পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, দিনাজপুর।
প্রশ্ন: ইংরেজি প্রথম পত্রে Paragraph অংশ জেএসসি পরীক্ষায় কত শব্দের মধ্যে লিখতে হবে, তা উল্লেখ থাকে। যদি বেশি word লিখি, তাহলে কি নম্বর কাটা যাবে?
উত্তর: জেএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রে Paragraph যত শব্দের মধ্যে লিখতে বলা হয়, তত শব্দের মধ্যে লেখাই উত্তম। বেশি Word লেখার কোনো প্রয়োজন নেই।