শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও মো. মাহবুবুর রহমান
তাওহীদা খান মুন, পঞ্চম শ্রেণি
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মল্লিক রোড, বরিশাল।
প্রশ্ন: প্রাথমিক বিজ্ঞানে ১৩ নম্বর অধ্যায়ে অনুশীলনীর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও-এর ২ নম্বর প্রশ্নটা হলো:
২। বিজ্ঞানীদের মতে, আগামী ১০০ বছরের মধ্যে ফুরিয়ে যেতে পারে—
ক. প্রাকৃতিক সম্পদ খ. প্রাণিসম্পদ গ. জীবাশ্ম সম্পদ ঘ. বায়ুসম্পদ।
এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি?
উত্তর: পঞ্চম শ্রেণির পাঠ্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৯১ পৃষ্ঠার তৃতীয় লাইনে লেখা আছে ‘বিজ্ঞানীরা ধারণা করছেন, আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবীর সব তেল, গ্যাস বা কয়লার মতো জ্বালানি শেষ হয়ে যেতে পারে।’ এ তথ্য অনুসারে বলা যায়, সঠিক উত্তরটি হবে—ক. প্রাকৃতিক সম্পদ। কারণ তেল, গ্যাস বা কয়লা এসবই প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: বাংলা ও ইংরেজিতে পত্র বা Letter ডান পৃষ্ঠা থেকে শুরু করা যাবে? Letter কি তিন পৃষ্ঠা লেখা যাবে?
উত্তর: বাংলা ও ইংরেজি পত্র বা Letter ডান পৃষ্ঠা থেকেও শুরু করা যাবে। Letter তিন পৃষ্ঠায় লেখা যায়, তবে এতে সময়ের অপচয় হবে। সমাপনী পরীক্ষায় সাধারণত এমন কোনো পত্র বা লেটার থাকে না, যে পত্র বা লেটারের বক্তব্য বা বিষয় তিন পৃষ্ঠা হতে পারে। পত্র বা লেটারের মূল বক্তব্য যতটুকু সম্ভব অল্প কথায় গুছিয়ে লেখা ভালো।
প্রশ্ন: পত্রের শুরুতে নাম, ঠিকানা ডান পাশে লিখলে স্বাক্ষর বা ‘ইতি’র অংশটুকুও কি ডান পাশে লিখতে হবে? আর বাম পাশে লিখলে ‘ইতি’-এর অংশটুকুও বাম পাশে লিখতে হবে?
উত্তর: পত্রের শুরুতে নাম, ঠিকানা, তারিখ ইত্যাদি ডান পাশে লিখলে ইতি, স্বাক্ষর ইত্যাদিও ডান পাশে লিখতে হবে। আর নাম, ঠিকানা, তারিখ ইত্যাদি বাম পাশে লিখলে একই মার্জিনে ইতি, স্বাক্ষর ইত্যাদিও বাম পাশে লিখতে হবে।

নাবিলা ঐশী, অষ্টম শ্রেণি
উদয়ন মাধ্যমিক উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আয়াতগুলো কি (যেগুলো বইতে উল্লেখ করা আছে) আরবিতে বা আরবি উচ্চারণেই লিখতে হবে? শুধু বাংলা অর্থ লিখলে কি নম্বর পাওয়া সম্ভব?
উত্তর: আরবি আয়াতের বাংলা অর্থ লিখলেও নম্বর পাবে। অবশ্যই তা সঠিক হতে হবে।

রিফায়াত আল-দ্বীন নায়ীমা, পঞ্চম শ্রেণি
রেলওয়ে পাবলিক হাইস্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: গণিতে অঙ্ক করার সময় রাফ ডান পাশে করব না বাম পাশে করব?
উত্তর: গণিত বিষয়ে সমস্যার সমাধান করার সময় প্রয়োজনীয় রাফ সমাধানের ডান পাশে বক্স করে করাই ভালো।
প্রশ্ন: বাংলা ও ইংরেজিতে শূন্যস্থানের শুধু উত্তর লিখব, না পুরো লাইন লিখব?
উত্তর: প্রশ্নের নির্দেশনা অনুসারে শূন্যস্থান-বিষয়ক প্রশ্নের উত্তর লিখবে। প্রশ্ন যদি বলে শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো, তা হলে শূন্যস্থানে যে শব্দ বা তথ্য বসবে উত্তরপত্রে সেই শব্দ বা তথ্যটি লিখবে। আর শূন্যস্থান পূরণ করতে বলা হলে পুরো বাক্য উত্তরপত্রে লিখে সঠিক তথ্য বা শব্দ লিখে শূন্যস্থান পূরণ করবে।
প্রশ্ন: কোনো লেখায় আন্ডারলাইনে দাগ দেওয়ার সময় নীল কালির কলম দিয়ে দেওয়া যাবে?
উত্তর: কোনো লেখায় আন্ডারলাইন করতে চাইলে নীল কালির কলম ব্যবহার করা যাবে। তবে এতে সময়ের অপচয় হয়। যে কলম দিয়ে পরীক্ষা দিচ্ছ, সেই কলম দিয়ে আন্ডারলাইন করাই উত্তম।

তুবা আহমেদ, পঞ্চম শ্রেণি
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: ‘ত্ব’ ও ‘ত্ত্ব’ যুক্তবর্ণের বিভাজন কী হবে?
উত্তর: ত্ব = ত্+ব, ত্ত্ব = ত্+ত+ব।