শিক্ষার্থীদের প্রশ্ন ,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও মো. মাহবুবুর রহমান
ফারিহা তাহসিন, পঞ্চম শ্রেণি
মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: যদি উত্তরে কাটাকাটি হয়, তা হলে কি কোনো সমস্যা হবে?
উত্তর: প্রশ্নের উত্তর লেখার সময় কাটাকাটি না করাই ভালো। যদি কাটতেই হয়, তবে এক টানে কেটে দেবে।
নেহা, পঞ্চম শ্রেণি
নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁ।
প্রশ্ন: বাংলা পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদের ৭ নম্বর প্রশ্নে ৩টি প্রশ্ন থাকে। কয়টি বাক্যে লিখব তা উল্লেখ করা না থাকলে ৫টি বাক্যে লিখতে হবে, না তার বেশি লিখলেও হবে?
উত্তর: বাংলা পাঠ্যবই-বহির্ভূত অনুচ্ছেদভিত্তিক ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে ৫টি বাক্যে উত্তর লেখার নির্দেশনা থাকলে ৫টি বাক্যেই উত্তর লিখবে। আর যদি উল্লেখ না থাকে, তা হলে প্রশ্নের চাহিদা অনুসারে প্রাসঙ্গিক উত্তর লিখবে।
প্রশ্ন: বাংলা ৪ নম্বরে মূলভাব লিখতে বলা হয়। এই মূলভাব কি বইয়েরটা অর্থাত্ পুরো গল্পের মূলভাব লিখব, না যতটুকু অনুচ্ছেদ তুলে দেওয়া থাকবে ততটুকু অনুযায়ী মূলভাব লিখব?
উত্তর: বাংলা বিষয়ের প্রশ্নপত্রের পাঠ্যবইভিত্তিক অনুচ্ছেদ বা কবিতাংশের মূলভাব লিখতে বলা হয়ে থাকে। এই মূলভাব প্রশ্নে প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশের মূলভাবই লিখতে হবে।
প্রশ্ন: রচনা ২০০ শব্দের বেশি লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে, না তার কম লিখলেও হবে?
উত্তর: ২০০ শব্দের বাংলা রচনা ২০০ শব্দেই হওয়া বাঞ্ছনীয়।
প্রশ্ন: ইংরেজি Short Composition-এ কত বাক্যে লিখব তা উল্লেখ না থাকলে ৫টি বাক্যে লিখলে কি পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: ‘নেপ’-এর প্রশ্নকাঠামোর উদাহরণ অনুসারে ইংরেজি শর্ট কম্পোজিশন ৫টি বাক্যে লেখার নির্দেশনা থাকার কথা। আর নির্দেশনায় যদি ৫টি বাক্যে লেখার কথা থাকে, তবে শর্ট কম্পোজিশন ৫টি বাক্যেই লিখবে।
এ কে এম শাদমান শাকিব, পঞ্চম শ্রেণি
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল, বগুড়া।
প্রশ্ন: একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য ১২ মি. এবং প্রস্থ ৭ মি.। এ ক্ষেত্রে কোনো টালি না ভেঙে সর্বাধিক কোন সাইজের বর্গাকার টালি দ্বারা ঘরটির মেঝে বাঁধানো যাবে? অঙ্কটির সঠিক সমাধান কী হবে?
উত্তর: তোমার দেওয়া সমস্যাটি অনুশীলনী ৫-এর। আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় এই সমস্যাটির সমাধান দেওয়া হয়েছে, যা এ বছরের ২২ মার্চ রোববারের পড়াশোনা পাতায় ছাপা হয়েছে। পাতাটি সংগ্রহ করে দেখে নিয়ো।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯ নম্বর প্রশ্নের (অথবা)-তে কিছু উপাত্ত দেওয়া থাকে এবং একটি স্তম্ভলেখ আঁকতে বলা হয়। এখন উত্তরপত্রে শুধু স্তম্ভলেখটিই আঁকব, নাকি ওপরে/নিচে কিছু কথাও লিখতে হবে?
উত্তর: স্তম্ভলেখের নিচের ও বাঁ পাশের লম্বরেখায় যথাক্রমে তথ্য-উপাত্ত ও তার পরিমাণগত সংখ্যা লিখতে হবে। এ ছাড়া বাঁ পাশের লম্বরেখায় প্রতি ঘরে উপাত্তের যত সংখ্যা ধরা হয়েছে তা স্তম্ভলেখের নিচে লিখতে হবে। তোমার গণিত বইয়ের ১২১ নম্বর পৃষ্ঠায় দেওয়া উদাহরণটি লক্ষ করো।
প্রশ্ন: সঠিকভাবে বিরাম চিহ্ন বসানোর জন্য এসব চিহ্নের ব্যবহার জানলেই হবে, নাকি বইয়ের সব বিরাম চিহ্ন মুখস্থ করতে হবে?
উত্তর: বাংলা পাঠ্যবইয়ের গল্প, প্রবন্ধ, নাটিকা ও কবিতার মূলভাব অংশে ব্যবহূত বিরাম চিহ্নগুলো ভালোভাবে আয়ত্তে থাকলে এই প্রশ্নের উত্তর দিতে তোমার সমস্যা হবে না। আমাদের পড়াশোনা পাতায় শিগগিরই বিরাম চিহ্ন-সম্পর্কিত নমুনা প্রশ্নোত্তর ছাপা হবে।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলপেন ব্যবহার করা যাবে কি?
উত্তর: জেলপেন ব্যবহার করা মোটেই নিরাপদ নয়। সাধারণ কালো কালির কলম ব্যবহার করাই উত্তম।
প্রশ্ন: পরীক্ষায় রঙিন কলম ব্যবহার করা যাবে কি?
উত্তর: পরীক্ষায় কালো ও নীল কালির কলম ব্যবহার করবে। অন্য কোনো কালির কলম ব্যবহার করবে না।