শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও মো. মাহবুবুর রহমান।
*ইসাবাহ মালিয়াত, অষ্টম শ্রেণি
রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়, রাজশাহী
প্রশ্ন: ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’ বিষয়ে কি ব্যবহারিক থাকবে?
উত্তর: কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে পূর্ণমান ৫০। সৃজনশীল অংশে ৩০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২০ নম্বর বরাদ্দ থাকবে। কোনো ব্যবহারিক পরীক্ষা থাকবে না।

*জুবায়ের আহমেদ, পঞ্চম শ্রেণি
দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর সেনানিবাস, যশোর
প্রশ্ন: বাংলা বিষয়ে রচনা কি অধ্যায়ভিত্তিক আসবে? নাকি এর বাইরে থেকে আসবে?
উত্তর: বাংলা বিষয়ের রচনা এবার থেকে যোগ্যতাভিত্তিক। রচনার বিষয় পাঠ্যবইভিত্তিকও হতে পারে, আবার পাঠ্যবই-বহির্ভূত কাছের পরিবেশের যেকোনো বিষয়ভিত্তিকও হতে পারে।
প্রশ্ন: বাংলা বিষয়ে দরখাস্ত দুই পৃষ্ঠায় লিখলে কি কোনো নম্বর কাটা যাবে?
উত্তর: দরখাস্তের বিষয়বস্তু সাধারণত খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে। কাজেই দরখাস্ত এক পৃষ্ঠার অধিক লেখার খুব একটা প্রয়োজন নেই।
প্রশ্ন: বাংলা বিষয়ে ২ নম্বর প্রশ্ন অর্থাত্ শব্দার্থ লিখন কি অনুচ্ছেদ থেকে আসবে, নাকি অনুশীলনী থেকে আসবে?
উত্তর: বাংলা বিষয়ে ২ নম্বর প্রশ্নটি হবে প্রশ্নে প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশ থেকেই। কারণ, প্রশ্নের শিরোনাম অনুযায়ী এটি প্রশ্নে প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশ-ভিত্তিক প্রশ্ন।

*মিফতাহুল জান্নাত স্নেহা, পঞ্চম শ্রেণি
ফেনী শিশু নিকেতন, ফেনী
প্রশ্ন: সৃজনশীল অঙ্কে যেসব প্রশ্ন থাকে, সেগুলো বড় করে লিখতে হবে, নাকি ছোট করে লিখতে হবে? যদি ছোট করে লিখি, তবে কি নম্বর কাটবে?
উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনীতে গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে না। সেগুলো হবে ‘যোগ্যতাভিত্তিক’ সমস্যা। গণিত বিষয়ের প্রশ্নপত্রে ৩, ৪ ও ৮ নম্বর প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক। প্রতিটি যোগ্যতাভিত্তিক অঙ্কের নম্বর ৮ করে। যোগ্যতাভিত্তিক অঙ্কগুলো তিন, চার বা পাঁচটি অংশে থাকতে পারে। অঙ্কের সমাধান বড় বা ছোট করে নয়, তোমাকে যথাযথ ধাপ মেনেই সমাধান করতে হবে।
প্রশ্ন: জ্যামিতিতে চিত্র পেনসিল দিয়ে আঁকতে হয়। চিত্রটিতে ‘ABC’ লেখার সময় পেনসিল নাকি কলম ব্যবহার করতে হবে?
উত্তর: জ্যামিতির চিত্র পেনসিল দিয়ে আঁকবে এবং চিত্রের ABC বা কখগ ইত্যাদিও পেনসিল দিয়ে লিখবে।

*তাসনিম আশরাফ আন্না, পঞ্চম শ্রেণি
উদয়ন মাধ্যমিক উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: ইংরেজি বিষয়ের ৭ নম্বর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর এক লাইনে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে?
উত্তর: ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের ৭ নম্বর প্রশ্নটি হলো short constructed respons questions. এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রশ্নের চাহিদা ও ধরন অনুসারে উত্তর এক বাক্যেও হতে পারে, আবার একাধিক বাক্যেও হতে পারে। পূর্ণ নম্বর পাওয়ার জন্য প্রশ্ন ভালো করে পড়ে ও বুঝে উত্তর লিখবে।
প্রশ্ন: গণিত বিষয়ের ২ নম্বর অর্থাত্ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে শুধু উত্তর লিখলে কি পূর্ণ নম্বর পাওয়া যাবে? নাকি পুরো বাক্যে লিখতে হবে?
উত্তর: গণিত বিষয়ের ২ নম্বর অর্থাত্ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্নের চাহিদা অনুসারে লিখবে। কোনো কোনো প্রশ্নের উত্তর সরাসরি লেখা যায়, আবার কোনো কোনো প্রশ্নের উত্তর সমাধান আকারে দিতে হয়।
প্রশ্ন: বাংলা বিষয়ের রচনায় যে সংকেত দেওয়া থাকবে, তা না লিখে অন্য সংকেত দিয়ে রচনা লিখলে কি নম্বর কাটা যাবে?
উত্তর: বাংলা বিষয়ের রচনায় যে সংকেত বা উপশিরোনাম দেওয়া থাকবে তা তো লিখতেই হবে। তবে প্রয়োজন মনে করলে তুমি যুক্তিসংগত সংকেত বা উপশিরোনামও লিখতে পারো।