শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। উত্তর দিয়েছেন দীদার চৌধুরী ও মোস্তাফিজুর রহমান।
আসিফ মুনিম
[email protected]
প্রশ্ন: সৃজনশীল প্রশ্নের উত্তর কতটা বড় করে লিখব?
উত্তর: সৃজনশীল প্রশ্নের উত্তর বেশি বড় করে লেখার সুযোগ নেই। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও যথাযথ হলো কিনা সেটাই বড় ব্যাপার। শিক্ষা মন্ত্রনালয়ের ২০১২ সালের ১৭ এপ্রিল প্রকাশিত পরিপত্র অনুযায়ী সৃজনশীল প্রশ্নের উত্তরের দৈর্ঘ্য ‘ক’ (জ্ঞানমূলক) অংশে সর্বোচ্চ ৩টি বাক্য, ‘খ’ (অনুধাবনমূলক) অংশে সর্বোচ্চ ৫টি বাক্য, ‘গ’ (প্রয়োগমূলক) অংশে সর্বোচ্চ ১২টি বাক্য এবং ‘ঘ’ (উচ্চতর দক্ষতামূলক) অংশে সর্বোচ্চ ১৫টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তবে বিজ্ঞান, গণিত কিংবা অন্যান্য বিষয়ে প্রমাণাদি উপস্থাপনের জন্য সামান্য বেশি বাক্যের প্রয়োজন হলে তা গ্রহণযোগ্য হবে।
সৈয়দ সাদমান রহমান ইরাজ, পঞ্চম শ্রেণি
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা।
প্রশ্ন: বাংলা রচনায় শিরোনাম দেওয়া থাকলে এগুলো ছাড়াও উপশিরোনাম ব্যবহার করা যাবে?
উত্তর: বাংলা রচনা লেখায় প্রশ্নে প্রদত্ত উপশিরোনাম ছাড়াও পরীক্ষার্থী যৌক্তিক এক বা একাধিক উপশিরোনাম ব্যবহার করতে পারবে।
মো. ফারহান লাবিব, অষ্টম শ্রেণি
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
প্রশ্ন: বাংলা ১ম পত্রে আমি কীভাবে পূর্ণ নম্বর পেতে পারি।
উত্তর: সৃজনশীল প্রশ্নপদ্ধতির নিয়মকানুন সঠিকভাবে মেনে উত্তর লিখলে অবশ্যই পূর্ণ নম্বর পাবে। সেজন্য গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর পড়াশোনা পাতায় প্রকাশিত সৃজনশীল মাস্টার ট্রেইনার হুমায়ুন কবীরের লেখা দুটো ভালো করে পড়ো।
সানজিদা আফরিন এশা, অষ্টম শ্রেণি
উত্তরা প্রি-ক্যাডেট অ্যান্ড জুনিয়র স্কুল, টাঙ্গাইল
প্রশ্ন: সমাপনী পরীক্ষায় উত্তরপত্রে প্রশ্নক্রমিক লেখার ক্ষেত্রে সবুজ রং ব্যবহার করা যাবে কি? না হলে কোন রং দিয়ে লিখব।
উত্তর: পরীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নং শিক্ষকের নজরে পড়ার জন্য কালো বা নীল কালি দিয়ে আন্ডার লাইন দেওয়া ভালো। সবুজ কালি দিয়ে না লেখাই উত্তম।
অর্পিতা ইসলাম সূচি, অষ্টম শ্রেণি
নওয়াপাড়া উচ্চবিদ্যালয়, ফরিদপুর।
প্রশ্ন: বাংলা ২য় পত্র বিষয়ে যে ২০টি বহুনির্বাচনি প্রশ্ন আসবে, সেগুলো কি ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ পাঠ্যবইটি থেকেই আসবে? এই বহুনির্বাচনি প্রশ্নের জন্য কি আলাদা কোনো বই পড়তে হবে?
উত্তর: বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকেই আসবে। অন্য বই পড়ার দরকার নেই।
প্রশ্ন: আমার হাতের লেখা ভালো না। বাংলা ও ইংরেজিতে হাতের লেখা ভালো করার জন্য কিছু বিশেষ পদ্ধতি আছে কী?
উত্তর: পরীক্ষার আগে হাতের লেখা নিয়ে অযথা চিন্তা করো না। পরীক্ষার খাতায় হাতের লেখা পরিষ্কার ও স্পষ্ট করে লিখবে, কাটাকাটি করবে না। পরীক্ষার পরে সুন্দর হাতের লেখা সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো এতে সমস্যা সমাধান হবে।