প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে বলছি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে গণিত বিষয়ে মেধা ও বুদ্ধি খাটিয়ে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। একজন শিক্ষার্থীকে শ্রেণিপাঠেই প্রয়োজনীয় তথ্য, তত্ত্ব, সূত্র, নীতি ও ধারণাগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। যেসব শিক্ষার্থী নিজে অনুুশীলন করবে এবং শ্রেণি শিক্ষকদের প্রশ্ন করে উত্তর জানার চেষ্টা করবে, তারাই গণিত সম্পর্কে সঠিক ধারণা অর্জন করবে। পরীক্ষার প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন ভালোভাবে পড়ে এবং তদনুসারে নিজের চিন্তার প্রতিফলন ঘটিয়ে তারাই উত্তর লিখতে সক্ষম হবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে গণিত পরীক্ষায় ভালো ফল অর্জনে শিক্ষার্থীদের করণীয় কয়েকটি দিক নিচে দেওয়া হলো।

শ্রেণির পাঠে মনোযোগী হওয়া
সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণের সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য একজন শিক্ষার্থীকে প্রতিদিন গণিতের শ্রেণিপাঠে মনোযোগী হওয়া খুবই জরুরি। কারণ, শিক্ষকেরা বোর্ডের গণিত পাঠ্যবই অবলম্বনেই শ্রেণিতে প্রতিদিন সমস্যার সমাধান দিয়ে থাকেন।
গণিত পাঠ্যবইয়ের অধ্যায়ের ওপর ভিত্তি করেই সৃজনশীল গণিত প্রশ্ন প্রণীত হয়ে থাকে। তাই একজন শিক্ষার্থী কখনো অমনোযোগী হয়ে পড়লে বা শ্রেণিতে অনুপস্থিত থাকলে গণিতের সেই অংশ তার জন্য অজানা থেকে যেতে পারে কিংবা পরবর্তী সময়ে নিজে নিজে পড়তে গেলে তা বেশ কঠিন মনে হতে পারে। সে জন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে পাঠের কার্যক্রমে উপস্থিত থেকে মনোযোগী হতে হবে।
মেধা কাজে লাগানো
একজন শিক্ষার্থীকে শ্রেণিপাঠে মনোযোগী হওয়ার সঙ্গে সঙ্গে শ্রেণিতে গণিতের আলোচনা বা গণিতের পাঠ্যবইয়ের তথ্য, তত্ত্ব, বিধি, সূত্র, পদ্ধতি মুখস্থ করার পরিবর্তে অবশ্যই তা বুঝে নিতে হবে এবং তা নিজে নিজে প্রয়োগ করার ক্ষমতা অর্জন বা আয়ত্ত করতে হবে। এর জন্য শিক্ষার্থীদের গণিতের সমস্যা নিয়ে অবশ্যই একটু চিন্তা করতে হবে। তখন পড়া বিষয়বস্তুগুলোকে প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে। ফলে একটি উদ্দীপকের বিভিন্ন উপাদানের মধ্যে তার কার্যকারণ সম্পর্ক জানতে ও বুঝতে পারবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কোচিং সেন্টার বা কোনো শিক্ষকের তৈরি করা নোট বা রেডিমেড উত্তর গ্রহণ না করে নিজের সৃজনশীলতার প্রতি আরও বেশি আস্থাশীল হবে।
শ্রেণিতে পাঠের সময় বা পাঠ শেষে প্রশ্ন করা
শিক্ষার্থীকে পাঠে মনোযোগী হওয়ার পাশাপাশি শ্রেণিতে উপস্থাপিত গণিতের তথ্য, তত্ত্ব, বিধি, পদ্ধতি কিংবা সূত্র ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পাওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীর মনে যেসব প্রশ্নের উদয় হবে তার কোনো কোনোটির উত্তর শিক্ষক বা সহপাঠীদের প্রশ্নোত্তর থেকে পাওয়া যাবে। যেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, সেসব প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থী নিজে উদ্যোগী হয়ে প্রশ্ন করার মাধ্যমে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবে।
শ্রেণিকক্ষে প্রশ্ন করার ফলে শিক্ষার্থীরা উত্সাহী হবে এবং শিখন আরও দীর্ঘস্থায়ী হবে। সৃজনশীল প্রশ্ন প্রণয়ন বা উত্তর লেখার ক্ষেত্রে শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পক্ষে বা বিপক্ষে যৌক্তিক মতামত প্রদানের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে তুলতে পারবে।

পাঠ্যবইয়ের অনুশীলনী ও বোর্ড প্রশ্নগুলোর প্রতি গুরুত্বারোপ
শ্রেণিতে শিখন ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী করার জন্য পাঠ্যবইয়ের অনুশীলনী এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নে আলাদা বৈচিত্র্য বিদ্যমান। পাঠ্যবইয়ের বা বোর্ডের কোনো প্রশ্ন হুবহু পরীক্ষায় থাকবে না। তবে এ ধরনের প্রশ্নপত্র অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন নতুন প্রশ্নের উত্তর প্রদানের দক্ষতা অর্জন করা সম্ভব হবে।
সম্পূর্ণ পাঠ্যবইয়ের প্রতি গুরুত্ব প্রদান
সৃজনশীল প্রশ্ন (রচনামূলক ও বহুনির্বাচনি) সাধারণত পাঠ্যবইয়ের সব অংশ থেকে করা হয়ে থাকে। এ ক্ষেত্রে কমন বা আনকমন বলে কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। একাধিক অধ্যায়ের সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন প্রণয়ন করা যেতে পারে। একই অধ্যায় বা অনুচ্ছেদ বা পাঠ্যবস্তু থেকে এ বছর প্রশ্ন করা হলে পরের বছর সেখান থেকে প্রশ্ন হবে না, এমনটি ভাবা মোটেই ঠিক হবে না। গণিতের ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পূর্ণ বই ভালোভাবে আয়ত্ত করতে হবে।
সহায়ক বই পড়ার অভ্যাস গড়ে তোলা
বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞান চর্চা বাড়ানোর জন্যও গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শুধু শ্রেণির পাঠ্যবই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পাঠ্যবইয়ের বাইরেও সহায়ক বই পড়ার অভ্যাস করতে হবে। তা ছাড়া শিক্ষার্থীকে বিভিন্ন গণিতবিদের জীবনী, গণিতের বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন ধরনের পত্রপত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রয়োজনে প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও বিদ্যালয়ের লাইব্রেরিতে বই পড়া বাধ্যতামূলক করা যেতে পারে।
# আগামীকাল ছাপা হবে:
গণিত সৃজনশীল রচনামূলক প্রশ্নের নমুনা উত্তর
শিক্ষাক্রম বিশেষজ্ঞ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা