জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক (সম্মান) পার্ট-৪ পরীক্ষার ফল সংশোধনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার গাজীপুরের বোর্ডবাজারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে তাঁরা এ বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা আবেদন করলে খাতা পুনর্মূল্যায়নের পর নতুন করে ফল প্রকাশ করা হবে। ১০ ডিসেম্বরের মধ্যে ওই আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। দাবির স্বপক্ষে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভরত কয়েকজন শিক্ষার্থীদের দাবি, স্নাতক (সম্মান) পার্ট-৪ দেশের বিভিন্ন কলেজের প্রায় ২৬ হাজার শিক্ষার্থী একেকজন একেক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এ কারণে তাঁরা মাস্টার্সে ভর্তি হতে পারছেন না। তাঁদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে নতুন করে ফল প্রকাশের দাবি জানান।
বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসে। দাবি পূরণ হতে পারে এমন কিছু নির্দেশনা শিক্ষার্থীদের জানায় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ওই নির্দেশনা মেনে নেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করবেন শিক্ষার্থীরা। পুনর্মূল্যায়নের পর নতুন করে ফল প্রকাশ করা হবে। পুনর্মূল্যায়নের পর প্রয়োজনে শিক্ষার্থীদের উত্তরপত্র দেখার সুযোগ দেওয়া হবে।